রেকর্ড গড়ে উড়ছে ‘স্পাইডার-ম্যান : ব্র্যান্ড নিউ ডে’

Printed Edition
রেকর্ড গড়ে উড়ছে  ‘স্পাইডার-ম্যান : ব্র্যান্ড নিউ ডে’
রেকর্ড গড়ে উড়ছে ‘স্পাইডার-ম্যান : ব্র্যান্ড নিউ ডে’

বিনোদন প্রতিবেদক

বক্স অফিসে দুর্দান্ত সূচনা করেছে ‘স্পাইডার-ম্যান : ব্র্যান্ড নিউ ডে’। টম হল্যান্ড ও জেনডায়া অভিনীত সুপারহিরো ছবিটি মুক্তির প্রথম দিনেই উত্তর আমেরিকায় ১৬ কোটি ৮০ লাখ ডলার আয় করে নতুন রেকর্ড গড়েছে। ফলে সনি পিকচার্সের এই ছবি ইতিহাসের অন্যতম বড় উদ্বোধনী সপ্তাহান্ত উপহার দিতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (বৃহস্পতিবার রাতের প্রিভিউসহ) উত্তর আমেরিকার চার হাজার ৪৮৭টি প্রেক্ষাগৃহ থেকে ছবিটির আয় হয়েছে ১৬৮ মিলিয়ন ডলার। দর্শকদের কাছ থেকে এ সিনেমাস্কোর পাওয়ার পর সনি এখন উদ্বোধনী সপ্তাহান্তে ৩২৫ মিলিয়ন ডলার আয়ের পূর্বাভাস দিচ্ছে। সে হিসাবে এটি উত্তর আমেরিকার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী আয় করা ছবি হতে পারে। তবে বক্স অফিস বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন, ছবিটি ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’-এর ৩৫৭ দশমিক ১ মিলিয়ন ডলারের রেকর্ডও ভেঙে দিতে পারে।

ছবিটি ইতোমধ্যেই উদ্বোধনী শুক্রবারে সর্বোচ্চ আয়ের নতুন রেকর্ড গড়েছে। এর আগে ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’ প্রথম শুক্রবারে আয় করেছিল ১৫৬ দশমিক ৭ মিলিয়ন ডলার। এছাড়া বৃহস্পতিবার রাতের বিশেষ প্রদর্শনী থেকে ‘ব্র্যান্ড নিউ ডে’ আয় করেছে সাত কোটি ২০ লাখ ডলার, যা প্রিভিউ আয়েও নতুন রেকর্ড। এতদিন এই রেকর্ড ছিল ‘এন্ডগেম’-এর ছয় কোটি ডলারের। এর আগে সনি ধারণা করেছিল, ছবিটি উদ্বোধনী সপ্তাহান্তে উত্তর আমেরিকায় ১৯৫ মিলিয়ন এবং বিশ্বব্যাপী ৪৬৫ মিলিয়ন ডলার আয় করবে। কিন্তু বাস্তবে সেই পূর্বাভাস অনেকটাই ছাড়িয়ে গেছে। ২২ কোটি ৫০ লাখ ডলার ব্যয়ে নির্মিত ছবিটির এমন সাফল্য স্টুডিওর প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে।

এই সাফল্যের ফলে ২০২১ সালের ‘স্পাইডার-ম্যান : নো ওয়ে হোম’ দ্বিতীয় স্থানে নেমে যেতে পারে। টম হল্যান্ড অভিনীত ওই ছবি উত্তর আমেরিকায় উদ্বোধনী সপ্তাহান্তে ২৬০ দশমিক ১ মিলিয়ন এবং বিশ্বব্যাপী ৫৮৭ দশমিক ২ মিলিয়ন ডলার আয় করেছিল। শেষ পর্যন্ত ছবিটির বৈশ্বিক আয় দাঁড়ায় ১৯০ কোটি ডলারে, যা সর্বকালের অন্যতম সফল সুপারহিরো চলচ্চিত্রের স্বীকৃতি পায়।

‘স্পাইডার-ম্যান : ব্র্যান্ড নিউ ডে’ নির্মাণ করেছে মার্ভেল স্টুডিওস ও প্রযোজক অ্যামি পাসকালের দল। ছবিটি পরিচালনা করেছেন ‘শাং-চি অ্যান্ড দ্য লিজেন্ড অব দ্য টেন রিংস’-খ্যাত পরিচালক ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। এতে টম হল্যান্ড ও জেনডায়ার পাশাপাশি অভিনয় করেছেন স্যাডি সিঙ্ক, জ্যাকব ব্যাটালন, জন বার্নথাল ও মার্ক রাফালো। গল্পে দেখা যায়, প্রিয়জনদের থেকে বিচ্ছিন্ন হয়ে একাকী জীবন কাটাতে বাধ্য হয় পিটার পার্কার। এমন সময় এক রহস্যময় অদৃশ্য শত্রু তার পিছু নেয়, শুরু হয় নতুন লড়াই।