চলতি অধিবেশনেই সংবিধান সংস্কার কমিটি গঠন করুন : গোলাম পরওয়ার

Printed Edition
গাজীপুরে মহানগর জামায়াতের সেমিনারে বক্তব্য রাখেন মিয়া গোলাম পরওয়ার  : নয়া দিগন্ত
গাজীপুরে মহানগর জামায়াতের সেমিনারে বক্তব্য রাখেন মিয়া গোলাম পরওয়ার : নয়া দিগন্ত

বাসস

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জাতিকে রাজপথে ঠেলে না দিয়ে সংসদের চলতি অধিবেশনেই সংবিধান সংস্কার কমিটি গঠন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ঐকমত্য কমিশনের জুলাই জাতীয় সনদের ৮৪টি বিষয়ের মধ্যে ৪৭টি সংবিধান পরিবর্তনের মাধ্যমে এবং ৩৭টি অর্ডিন্যান্স বা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছিল। অথচ বর্তমান সরকার ও তাদের মন্ত্রীরা মুখে এই সনদ অক্ষরে অক্ষরে মানার কথা বললেও, আসলে স্বৈরাচারী ও দলীয়করণের পুরনো পথেই হাঁটছেন।

গতকাল বিকেলে গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দীনের সভাপতিত্বে এবং গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের এমপি সালাউদ্দিন আইয়ুবীর সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে তিনি এ কথা বলেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, জুলাই সনদের মূল চেতনা ভুলে গিয়ে জাতিকে বিপথে নেয়ার জন্য বিভ্রান্ত করা হচ্ছে। সংখ্যাগরিষ্ঠতার জোরে বিএনপি ক্ষমতায় গিয়ে জুলাই সনদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ১০ থেকে ১২টি মৌলিক ও সাংবিধানিক পরিবর্তনের বিষয়ে ভিন্নমত (নোট অব ডিসেন্ট) পোষণ করেছে।

তিনি বলেন, সংসদের উচ্চ কক্ষের ১০০টি আসন প্রাপ্ত ভোটের সংখ্যার ভিত্তিতে (পিআর পদ্ধতিতে) বণ্টনের কথা থাকলেও বিএনপি আসন সংখ্যার ভিত্তিতে দাবি করছে, যাতে সেখানেও তারা সংখ্যাগরিষ্ঠতা পায়। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং দলীয়করণের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। কিন্তু বিএনপি সরকার আবারো সেই ফ্যাসিবাদের পথেই হাঁটছে। তারা মনে করছে, সংবিধানের এসব আইন বদলে গেলে তারা আর কর্তৃত্ববাদী শাসন চালাতে পারবে না।

অ্যাডভোকেট শিশির মনির বলেন, দেশের সংবিধানকে লঙ্ঘন করে কোনো সিদ্ধান্ত নেয়া হলে সুপ্রিম কোর্ট তা অসাংবিধানিক বলে ঘোষণা করার এখতিয়ার রাখে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল করে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। এর মাধ্যমে স্পষ্ট হয় যে, সংসদ চাইলেই ইচ্ছামতো সব কিছু করতে পারে না। সংসদের এই সিদ্ধান্তগুলোকে জবাবদিহিতার আওতায় আনে দেশের বিচার বিভাগ।

সেমিনারে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সচিব শেখ এ কে এম মোতাহার হোসেন, গাজীপুর জেলা জামায়াতের সাবেক আমির আবুল হাসেম খান। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির ড. জাহাঙ্গীর আলম, মহানগর নায়েবে আমির মো: খায়রুল হাসান ও মো: হোসেন আলী।

এ ছাড়াও বক্তব্য রাখেন চব্বিশের গণ-অভ্যুত্থানে শহীদ শাকিলের বাবা মো: বেলায়েত হোসেন, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আজহারুল ইসলাম মোল্লা, মো: আফজাল হোসেন, গাসিকে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান, এনসিপি নেতা হোসাইন আল মামুন, গাজীপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শামসুল হক ভূঁইয়া, এনডিএফের মহানগর সভাপতি ডা: আমজাদ হোসেন খান এবং ইঞ্জিনিয়ার মাহবুব আলম জামি।