ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে গত রাতে মুখোমুখি হয়েছিল স্পেন ও পর্তুগাল। এর আগে গতকাল সংবাদ সম্মেলনে অবসর নিয়ে একের পর এক প্রশ্নের মুখে ভীষণ বিরক্ত ছিলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে অন্য এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে সিআর সেভেন নিশ্চিত করেছেন- ‘এটাই তার শেষ বিশ্বকাপ’। তবে স্পেনের বিপক্ষে লড়াই-ই বিশ্ব মঞ্চে তার শেষ ম্যাচ নয় এ নিয়েও বেশ আশাবাদী ছিলেন পর্তুগালের এই কিংবদন্তি।
নিজের ভবিষ্যৎ নিয়ে ম্যাচের আগে গতকাল সরাসরি প্রশ্নে নির্দিষ্ট করে কিছু বলেননি রোনালদো। সংবাদ সম্মেলনে শেষ প্রশ্ন ছিল লিওনেল মেসির সাথে এত দিনের দ্বৈরথের পর আর্জেন্টাইনদের জনথ্য কী বার্তা দেবেন তিনি। সে সময় বিমানের এক ঘটনা উল্লেখ করে ৪১ বছর বয়সী ফরোয়ার্ড দিলেন শেষের আভাস।
রোনালদো বলেন, গতকাল (গত পরশু) বিমানে একজন কেবিন ক্রু ছিলেন। তার তাকানো দেখেই আমি বুঝতে পেরেছিলাম তিনি আর্জেন্টাইন! তাকে সেটা বলেছিলামও, ‘যেভাবে আপনি আমার দিকে তাকাচ্ছেন, তাতে আমি জানি আপনি আর্জেন্টাইন।’ যদি আপনি দ্রুত অন্য দিকে তাকান, তার মানে আপনি ক্রিশ্চিয়ানোকে পছন্দ করেন না (হাসি)।’ তিনি যোগ করেন, ‘এটা আমার শেষ বিশ্বকাপ, আমি এটা পুরোপুরি উপভোগ করতে চাই। তবে আশা করি, আগামীকাল (গত রাতে) আমার শেষ ম্যাচ নয়।’



