বিশেষ সংবাদদাতা
আবাসন খাতে অবশেষে টাকা সাদা সুযোগ করে দেয়া হলো। আগামী অর্থবছর থেকে বিনা প্রশ্নে ফ্ল্যাট-প্লটের প্রকৃত মূল্য দেখানোর সুযোগ সৃষ্টি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কোনো করদাতা যদি স্বপ্রণোদিত হয়ে প্রকৃত মূল্য প্রদর্শন করতে চান, তাহলে তারা এই সুযোগ পাবেন। এনবিআর অর্থবিলে এ তথ্য দেয়া হয়েছে।
অর্থবিলে বলা হয়েছে, এই আইন বা বাংলাদেশে প্রচলিত অন্য কোনো আইনে যা কিছুই থাকুক না কেন, কোনো ব্যক্তি স্বপ্রণোদিতভাবে প্রদর্শিত ফ্ল্যাট-প্লটে বিনিয়োগ বা কেনায় প্রকৃত মূল্য দেখানোর সুযোগ পাবেন। এ জন্য কোনো প্রশ্ন করা হবে না। কোনো করদাতার জমি, বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট কেনার প্রকৃত মূল্য, দলিল মূল্য অপেক্ষা বেশি হলে তিনি ওই অপ্রদর্শিত অতিরিক্ত ক্রয়মূল্যের ওপর ব্যক্তিশ্রেণীর জন্য প্রযোজ্য নিয়মিত করহারে আয়কর পরিশোধ করবেন।
উদাহরণ দিয়ে বলা যায়, কোনো ব্যক্তি যদি দেড় কোটি টাকা দিয়ে একটি ফ্ল্যাট কেনেন। কিন্তু দলিলে ওই ফ্ল্যাটের দাম দেখানো হয়েছে এক কোটি টাকা। ওই টাকার ওপর করও দিয়েছেন। এখন ওই ব্যক্তি যদি মনে করেন, বাকি ৫০ লাখ টাকা তিনি তার রিটার্ন ফাইলে দেখাবেন, তাহলে তিনি নিয়মিত হারে কর দিয়ে তা প্রদর্শন করতে পারবেন। আয়কর নথিতে ওই ফ্ল্যাটের প্রকৃত দাম নির্ধারণ হয়ে যাবে।
কেউ কেউ অবৈধ পথে উপার্জিত কালো টাকাও বৈধ করতে পারেন। সেই সুযোগও সৃস্টি হলো বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন।
এনবিআরের ওই নির্দেশে আরো বলা হয়েছে, কোনো করদাতার জমি, বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট বিক্রয়ের প্রকৃত মূল্য, দলিল মূল্য অপেক্ষা অধিক হলে তিনি অপ্রদর্শিত ওই অতিরিক্ত অঙ্কের ওপর মূলধনি মুনাফার জন্য প্রযোজ্য হারে আয়কর পরিশোধ করবেন।
তবে শর্ত থাকে যে স্বপ্রণোদিত ঘোষণার আগে যদি এই আইনের অধীন কোনো কার্যক্রম গ্রহণ করা হয়, তাহলে ঘোষণাকারী করদাতা ওই অপ্রদর্শিত অতিরিক্ত ক্রয়মূল্য বা অপ্রদর্শিত বিক্রয়মূল্যের ওপর প্রদেয় করের ২০ শতাংশের বেশি কর পরিশোধ করবেন।



