চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশের পর মহড়ার ঘোষণা তাইওয়ানের

Printed Edition

রয়টার্স

চলতি সপ্তাহে পাঁচ দিনব্যাপী একটি ‘যুদ্ধের প্রস্তুতি মহড়া’ শুরু করতে যাচ্ছে তাইওয়ান। দ্বীপরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, সামরিক বাহিনীকে আধুনিকায়নের অংশ হিসেবে যুদ্ধের বাস্তব পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

চীন স্বায়ত্তশাসিত এ ভূখণ্ডকে চীন নিজেদের অংশ বলে দাবি করে আসছে। অন্য দিকে তাইওয়ানের দাবি, জনগণ এ বিষয়ে সরাসরি সিদ্ধান্ত নেবে। দ্বীপটি বলছে, বেইজিংয়ের সার্বভৌমত্ব মেনে নিতে চাপ সৃষ্টি করতে চীনের সামরিক বাহিনী নিয়মিতভাবে দ্বীপটির চারপাশের আকাশ ও সমুদ্রসীমায় টহল দিয়ে আসছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার থেকে ‘ইমিডিয়েট কমব্যাট রেডিনেস এক্সারসাইজ’ বা ‘তাৎক্ষণিক যুদ্ধ প্রস্তুতি মহড়া’ শুরু হবে। এটি আগামী শুক্রবার পর্যন্ত চলবে। এ মহড়া সশস্ত্র বাহিনীর বার্ষিক যৌথ অভিযানের প্রশিক্ষণ পরিকল্পনারই একটি অংশ। বিবৃতিতে বলা হয়েছে, এই মহড়ার মূল লক্ষ্য হলো সব স্তরের সেনা ইউনিটগুলোকে যুদ্ধের অভ্যাস এবং যুদ্ধক্ষেত্রের পরিবেশের সাথে ভালোভাবে পরিচিত করে তোলা।

মন্ত্রণালয় আরো বলেছে, এটি স্বাভাবিক অবস্থা থেকে দ্রুত যুদ্ধকালীন অবস্থায় রূপান্তর এবং জরুরি মোতায়েন প্রক্রিয়াকে আরো শক্তিশালী করবে।