সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয় দীর্ঘদিন ধরে দিনের বেলা তালাবদ্ধ থাকায় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপকারভোগীরা। অফিস সহকারী মোজাম্মেল হক দিনের বেলায় অনুপস্থিত থাকলেও রাতে তিনি অফিস খুলে হাজিরা ও দাফতরিক কাজ করেন বলে অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগ অস্বীকার না করলেও তিনি দিনের বেলা দাফতরিক কাজে বাইরে থাকতে হয় বলে দাবি করেন।
সরেজমিন দেখা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনেই মহিলাবিষয়ক কার্যালয় অবস্থিত। স্থানীয়দের অভিযোগ, অফিস সহকারী মোজাম্মেল হককে দিনের বেলায় অফিসে দেখা যায় না। ভারপ্রাপ্ত উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মো: আফজাল হোসেন অতিরিক্ত দায়িত্বে থাকায় খুব কমই অফিসে আসেন।
সেবা নিতে আসা কয়েকজন উপকারভোগী জানান, দুই মাস ধরে তারা বিভিন্ন প্রয়োজনে কার্যালয়ে গিয়ে কর্মকর্তা বা অফিস সহকারী- কাউকেই পাননি। মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া মেলেনি।
অভিযোগ রয়েছে, অফিস সহকারী রাতে অফিস খুলে কিছু সময় অবস্থান করেন। এ বিষয়ে জানতে চাইলে মোজাম্মেল হক বলেন, দাফতরিক প্রয়োজনে তাকে বাইরে থাকতে হয়। বদলি করে দিলে তিনি অন্যত্র চলে যাবেন বলেও মন্তব্য করেন।
জেলা মহিলাবিষয়ক অধিদফতরের উপপরিচালক এ জে এম রেজাউল আলম বিন আনছার বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তা ও অফিস সহকারীর বিরুদ্ধে মৌখিক অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে তা মন্ত্রণালয়ে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক বলেন, বিষয়টি তার নজরে এসেছে। কার্যালয় বন্ধ পাওয়ার পর সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে যোগাযোগ করা হয়েছে। তিনি চিকিৎসার জন্য ঢাকায় থাকার কথা জানিয়েছেন। ফিরে এলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



