এমপি আমির হামজার গাড়িতে হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ

Printed Edition

কুষ্টিয়া প্রতিনিধি

চুয়াডাঙ্গায় মুফতি আমির হামজা এমপির গাড়িবহরে সন্ত্রাসী হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া সদর উপজেলা শাখা। গত বুধবার বাদ আসর কুষ্টিয়া শহরের সাদ্দাম বাজার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক এবং কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক প্রদক্ষিণ করে। এরপর মজমপুর গেট হয়ে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে এসে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে জামায়াত ও শিবিরের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন এবং সন্ত্রাসীদের গ্রেফতার দাবিতে বিভিন্ন সেøাগান দেন।

কুষ্টিয়া সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা শরিফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার। তিনি বলেন, মুফতি মাওলানা আমির হামজা জাতীয় সংসদের নির্বাচিত এমপি এবং একজন জনপ্রিয় আলেমে দ্বীন। তার ওপর চুয়াডাঙ্গার মাটিতে যে কাপুরুষোচিত ও বর্বরোচিত হামলা চালানো হয়েছে, তা কোনোভাবেই মেনে নেয়া যায় না। এই হামলার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। তিনি অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। অন্যথায় সাধারণ মানুষকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি খাইরুল ইসলাম রবিন। এ ছাড়া সমাবেশে জেলা, শহর ও সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতারাসহ সাধারণ মানুষ এতে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১ জুন বিকেলে চুয়াডাঙ্গা জেলার কার্পাশডাঙ্গা এলাকায় নিজ শ্বশুর বাড়ি যাওয়ার পথে কিছু সন্ত্রাসীদের দ্বারা মুফতি আমির হামজা পরিবারসহ লাঞ্ছিত হন।