রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম (৪৪) মারা গেছেন।
গত বৃহস্পতিবার ভোরে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাগমারা গ্রামের খোরশেদ আলীর মেয়ে। ২০১৯ থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত তিনি রাজবাড়ী সদর উপজেলা পরিষদের নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে জ্বরে ভোগার পর শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার তাকে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা ডেঙ্গুসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়। পরে পরীক্ষার প্রতিবেদনে তিনি ডেঙ্গু আক্রান্ত ছিলেন বলে নিশ্চিত হওয়া যায়।
রাজবাড়ী জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর আলেয়া বেগমের ডেঙ্গু শনাক্ত হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।



