সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে একটি ভারতীয় পণ্যবাহী ট্রাক থেকে ২১৬টি ডায়মন্ডের নাকফুল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালক ও হেলপার, দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল ৪টায় ভোমরা চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তিরা হলেন ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট থানার পানিতর গ্রামের বাসিন্দা ট্রাকচালক সমরেশ দাস এবং বসিরহাট এলাকার বাসিন্দা রাম মণ্ডল।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, ভারত থেকে ভোমরা স্থলবন্দর দিয়ে প্রবেশকারী একটি পণ্যবাহী ট্রাকে অবৈধভাবে ডায়মন্ডের নাকফুল আনা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ দল চেকপোস্ট এলাকায় অবস্থান নেয়। পরে ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দর থেকে আসা একটি রফতানিপণ্যবাহী ট্রাকে তল্লাশি চালিয়ে ২১৬টি ডায়মন্ডের নাকফুল উদ্ধার করা হয়। একই সাথে চোরাচালানের অভিযোগে ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয় এবং ট্রাকটি জব্দ করা হয়।



