অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে কথাসাহিত্যিক আতা সরকারের ইতিহাসাশ্রয়ী সাহিত্যকর্ম নিয়ে এক তাত্ত্বিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকেলে বাংলা একাডেমির ‘আল মাহমুদ লেখক কর্নার’ সভাকক্ষে ‘বাংলার ইতিহাসের আলোয় কথাসাহিত্যে আতা সরকার : তিতুর লেঠেল, আপন লড়াই, পুষ্পকুন্তলা তুমি, সাহসী মানুষের গল্প’ শীর্ষক এই অনুষ্ঠান আয়োজিত হয়। বাংলা একাডেমির সভাপতি ও বিশিষ্ট চিন্তাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা আতা সরকারের লেখনীর ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, আতা সরকারের কথাসাহিত্যে বাংলার অবহেলিত ইতিহাস, সাধারণ মানুষের সংগ্রাম এবং সাহসিকতার যে চিত্র ফুটে উঠেছে, তা সমকালীন বাংলা সাহিত্যে অনন্য। বিশেষ করে ‘তিতুর লেঠেল’ ও ‘পুষ্পকুন্তলা তুমি’র মতো সৃষ্টিগুলো পাঠককে ইতিহাসের শেকড়ের সন্ধান দেয়। অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন ইতিহাস গবেষক মোহাম্মদ আবদুল মান্নান, শিক্ষাবিদ প্রফেসর আশরাফ আল দীন ও প্রফেসর আহসান সাঈদ, গবেষক শাহ সিদ্দিক, সাংবাদিক হাসান শরীফ, কথাসাহিত্যিক মণি হায়দার, প্রবন্ধকার বিলু কবির, কবি বজলুর রায়হান, প্রবন্ধকার করিম রেজা, কবি জাকির আবু জাফর, কবি জুনান নাশিত এবং অধ্যাপক মোহাম্মদ জসীমউদ্দীন। অনুষ্ঠানের সমাপনী পর্বে উপস্থিত দর্শকদের মধ্যে লটারির মাধ্যমে আতা সরকারের বইসহ অ্যাডর্ন প্রকাশিত বইয়ের পাঁচটি বিশেষ সেট উপহার হিসেবে তুলে দেয়া হয়। বিজ্ঞপ্তি।



