বেলুচিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলা ১৭ জনের মৃত্যু, আহত ৩০

Printed Edition

দ্য ডন

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার শহরে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা ও ঝালাওয়ান প্যানেলের সভাপতি শফিকুর রহমান মেঙ্গালের বাড়িতে এক ভয়াবহ আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। গত বুধবার দুপুরে শাহজাদ টাউন এলাকায় এই হামলার ঘটনায় আরো প্রায় ৩০ জন গুরুতর আহত হয়েছেন। তবে পিপিপি নেতা শফিকুর রহমান মেঙ্গাল অক্ষত ও নিরাপদে আছেন বলে নিশ্চিত করা হয়েছে।

স্থানীয় সূত্রের তথ্যমতে, বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে আত্মঘাতী হামলাকারী মেঙ্গালের বাড়ির মূল ফটকে ধাক্কা দেয়। প্রচণ্ড বিস্ফোরণে বাড়িটির ফটক, সীমানা প্রাচীর এবং ভবনের একটি বড় অংশ ধসে পড়ে। প্রথম বড় বিস্ফোরণটির পর আরো কয়েকটি ধারাবাহিক বিস্ফোরণের শব্দে পুরো খুজদার শহর কেঁপে ওঠে এবং চারপাশের বেশ কিছু ভবনের দরজা-জানালার কাচ ভেঙে যায়। ভয়াবহ এই বিস্ফোরণের পরপরই শুরু হয় নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধ। রকেট লঞ্চার ও গ্রেনেডসহ ভারী অস্ত্র ব্যবহারে দুই পক্ষের মধ্যে প্রায় তিন ঘণ্টারও বেশি সময় ধরে তীব্র গোলাগুলি চলে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে মেঙ্গালের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরাও রয়েছেন। এ ছাড়া যৌথ বাহিনীর পাল্টা গুলিতে পাঁচ হামলাকারী নিহত হয়েছে, যাদের মধ্যে কয়েকজন আত্মঘাতী সদস্য ছিল।