ক্রীড়া ডেস্ক
ইংলিশ ফুটবলের সবচেয়ে পুরনো প্রতিযোগিতার নাম এফএ কাপ। ইংলিশ ফুটবল লিগের সর্বস্তরের দলগুলো নিয়ে আয়োজিত হয় নকআউট পদ্ধতির এই আসর। ১৮৭১ সাল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় গত ৯ জানুয়ারি পুরনো এক স্মৃতিকে সামনে নিয়ে এসেছে। ১৯০৮-০৯ মৌসুমে তৎকালীন চ্যাম্পিয়ন ওলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে প্রথম রাউন্ড থেকেই বিদায় করে দিয়েছিল ক্রিস্টাল প্যালেস। ১১৭ বছর আগের সেই স্মৃতিকে আবারো সামনে নিয়ে এলো ক্রিস্টাল। এফএ কাপের বর্তমান চ্যাম্পিয়ন ক্রিস্টাল প্যালেসকে এবার হারিয়ে রূপকথার জন্ম দিলো ষষ্ঠ স্তরের দল ম্যাকলসফিল্ড এফসি। তৃতীয় রাউন্ডের ম্যাচে প্যালেসকে ২-১ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত করেছে ন্যাশনাল লিগ নর্থের দলটি।
ইংলিশ ফুটবলের ষষ্ঠ স্তরের দলটি ইংলিশ ফুটবল পিরামিডে প্যালেসের চেয়ে ১১৭ ধাপ পিছিয়ে। তারাই দেখাল এমন চমক। দুই দলের মাঝে এত বড় ব্যবধান সত্ত্বেও এমন হার এফএ কাপের ১৫৫ বছরের ইতিহাসে প্রথম।
ম্যাকলসফিল্ডের বিপক্ষে ম্যাচে শুরু থেকেই বল দখলে দাপট ছিল ক্রিস্টাল প্যালেসের। তবে আক্রমণে সমান তালে লড়াই করেছে ম্যাকলসফিল্ড। এর মধ্যে পুরো ম্যাচে ৬১ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য নেয়া ৯ শটের পাঁচটি লক্ষ্যে রেখে এবার জালের দেখা পায় ক্রিস্টাল। অপরদিকে ৩৯ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য নেয়া ৮ শটের তিনটি লক্ষ্যে রেখে দুইবার চ্যাম্পিনদের জালে বল পাঠিয়ে চতুর্থ রাউন্ড নিশ্চিত করে ষষ্ঠ স্তরের দলটি।
অথচ এর আগে কঠিন সময় পার করে এসেছে ম্যাকলসফিল্ড। পাঁচ বছর আগে পাঁচ লাখ পাউন্ডের বেশি ঋণ ছাড়িয়ে যাওয়ার পর ন্যাশনাল লিগ থেকে তাদের বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে মাসখানেক বাদে স্থানীয় ব্যবসায়ী রবার্ট স্মেথার্স্ট কিনে নেন ম্যাকলসফিল্ড। এর পরের গল্পটা ক্লাবটির জন্য ক্রমান্বয়ে উত্থানের। ২০২১-২২ মৌসুমে ম্যাকলসফিল্ড নবম স্তরে উঠে আসে। তারপর থেকে চার মৌসুমে তারা এগিয়েছে তিন ধাপ।
সাবেক ইংলিশ তারকা ওয়েন রুনির ভাই ম্যাকলসফিল্ডের প্রধান কোচ জন রুনি। ইতিহাস গড়ার পর তিনি প্রতিক্রিয়া দেখালেন এভাবে, ‘আমরা ম্যাচটি শেষ করে যখন অফিসে হেঁটে আসছি, তখন ইথানের (গত ১৬ ডিসেম্বর গাড়ি দুর্ঘটনায় নিহত ২১ বছর বয়সী ফরোয়ার্ড ইথান ম্যাকলিওড) মা-বাবাকে দেখতে পাওয়া আমার জন্য খুব বিশেষ। তারা আমাদের সাথে আছেন এবং আমি নিশ্চিত ইথানও দেখছে দলের জয়।’



