পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা
‘তোর মিটার তুই নে, আগের মিটার ফিরিয়ে দে’- এই সেøাগানে মানববন্ধন করেছে পাটগ্রামের সর্বস্তরের জনগণ। লালমনিরহাটের পাটগ্রাম পৌর শহরের চৌরাস্তা মোড়ে গতকাল রোববার দুপরে সর্বস্তরের জনগণ প্রিপেইড মিটার অপসারণ ও চাহিদা অনুযায়ী গ্রিড বৃদ্ধির দাবিতে মানববন্ধন শেষে ইউএনওর নিকট স্বারকলিপি প্রদান করে। মানববন্ধনে ব্যবসায়ী সুশীল সমাজ, শিক্ষক, সাংবাদিকসহ স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন বিসমিল্লাহ ফাউন্ডেশনের মুহাম্মদ আব্দুল আকবার বিন আফসার, মুহাম্মদ মাসুদ আলমসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
মানববন্ধনে অংশগ্রহণকারীদের অভিযোগ প্রিপেইড মিটারে ভুতরে বিল আসছে। আগে পোস্ট পেইড মিটারে প্রতিমাসে যে বিল আসত এখন তার দ্বিগুণ-তিনগুণ বিল আসছে। তারা বলেন, ‘আমরা এ মিটার মানি না। আমাদের আগের মিটার ফিরিয়ে দেয়া হোক।’ এ ছাড়াও তীব্র তাপদাহে ঘন ঘন লোডশেডিং বন্ধ ও চাহিদা অনুযায়ী গ্রিড বৃদ্ধি করার দাবি জানান তারা।



