বিনোদন প্রতিবেদক
বাংলাদেশের এই প্রজন্মের ভার্সেটাইল ও শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী অপু আমানের সাথে প্রথমবার দ্বৈত গান গেয়ে ভীষণ উচ্ছ্বসিত ২০২৩ সালের ‘সেরাকণ্ঠ’র সেরাদের সেরা সাবরিনা নওশীন টুশি। শ্যামল দত্তের লেখা ও মিল্টন খন্দকারের সুর সঙ্গীতে ‘সবাই মিলে খুলব এবার..’ শিরোনামের একটি গানে অপু আমান ও টুশি কণ্ঠ দিয়েছেন। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছে বাংলাদেশ চলচ্চিত্র প্রকাশনা অধিদফতর। টুশি জানান, গানটি শিগগিরই বিটিভিতে প্রচার হবে। এরপর তা ইউটিউবে প্রকাশ পাবে। অপু আমান বলেন, ‘গানটির কথা ও সুর ভীষণ ভালো লেগেছে আমার। যে কারণে গানটি গাইতে পেরে বেশ আনন্দিত। টুশি ভালো গায়। এর আগেও টুশি বিটিভিতে সঙ্গীতা অনুষ্ঠানে আমারই একক সঙ্গীত পরিচালনায় শ্রদ্ধেয় মোহাম্মদ রফিক উজ জামান স্যারের কথায় গান গেয়েছে। আর এবার আমারই সাথে দ্বৈত গান গাইল। গানটির মিউজিক ভিডিওতে শিশুদের সাথে সময় কাটাতে পেরে ভীষণ ভালো লেগেছে। আশা করছি, প্রচারে এলে শ্রোতা দর্শকের ভালো লাগবে।’ টুশি বলেন, ‘এর আগে বিটিভির সঙ্গীতানুষ্ঠানে অপু আমান ভাইয়ের সুরে গান গেয়েছিলাম। আর এবার সৌভাগ্য হলো তারই সাথে দ্বৈত গান গাওয়ার। মিল্টন খন্দকার স্যারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমাকে এই গানটি গাওয়ার সুযোগ করে দেয়ার জন্য। গানের কথা ও সুর এক কথায় ভীষণ ভীষণ সুন্দর। অপু ভাই নিঃসন্দেহে বাংলাদেশে এই প্রজন্মের একজন নন্দিত সঙ্গীতশিল্পী, পাশাপাশি একজন সুরকারও তিনি। তার সাথে গাইতে পেরে সত্যিই ভীষণ উচ্ছ্বসিত। গানের ব্যাপারে তিনি আমাকে কিছু দিকনির্দেশনা বা পরামর্শ দিয়েছেন যা আমার আগামী দিনে অনেক কাজে লাগবে বলেই বিশ^াস। অপু ভাইয়ের প্রতিও আমি কৃতজ্ঞ। তার স্নেহধন্য হয়েই আমি থাকতে চাই। অপু ভাইয়ের সাথে এই দ্বৈত গানের প্রচারের অপেক্ষায় আমি।’



