ক্রীড়া ডেস্ক
ইতালির কিংবদন্তি ফুটবলার ও এসি মিলানের ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক ফ্রাঙ্কো বারেসি ৬৬ বছর বয়সে মারা গেছেন। তার মৃত্যুতে ইতালির ফুটবল অঙ্গনসহ বিশ্বের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
এক বিবৃতিতে এসি মিলান জানায়, বারেসির আদর্শ, নেতৃত্ব ও সততা চিরকাল ক্লাবের পরিচয়ের অংশ হয়ে থাকবে। তার অবদান স্মরণীয় করে রাখতে ক্লাব আগেই কিংবদন্তি এই ডিফেন্ডারের ৬ নম্বর জার্সি অবসরে পাঠিয়েছিল।
১৯৭৭ সালে এসি মিলানের মূল দলে অভিষেকের পর ১৯৯৭ সালে অবসর নেয়া পর্যন্ত পুরো ২০ বছরের পেশাদার ক্যারিয়ার একই ক্লাবে কাটান বারেসি। এ সময়ে তিনি ৭১৯ ম্যাচে অংশ নিয়ে ৩৩টি গোল করেন। তার নেতৃত্বে মিলান ছয়টি ইতালিয়ান লিগ শিরোপা, তিনটি ইউরোপিয়ান কাপ বা চ্যাম্পিয়ন্স লিগ, চারটি ইতালিয়ান সুপার কাপ, দুটি ইউরোপিয়ান সুপার কাপ এবং দু’টি আন্তঃমহাদেশীয় কাপ জেতে।
ইতালির জার্সিতে ৮১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেন বারেসি। ১৯৮২ সালে বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। পরে ১৯৯৪ বিশ্বকাপের ফাইনালে অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেন। গ্রুপ পর্বে নরওয়ের বিপক্ষে গুরুতর চোট পান তিনি। তবে মাত্র ২৫ দিনে হাঁটুর চোট কাটিয়ে ফাইনল ম্যাচে ব্রাজিলের বিপক্ষে খেলেন। ফাইনালে ব্রাজিলের রোমারিও ও বেবেতোকে দারুণভাবে আটকে রাখেন। গোল শূন্য ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে। তবে ট্রাইব্রেকাওে প্রথম শটটি মিস করেন তিনি। শেষ পর্যন্ত ব্রাজিল শিরোপা জেতে ৩-২ ব্যবধানে।
২০২০ সালে বারেসিকে এসি মিলানের সম্মানসূচক সহসভাপতি করা হয়। ২০২৫ সালে তার ফুসফুসের একটি গিঁট অপসারণে অস্ত্রোপচার হয়েছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে মিলানের সান সিরো স্টেডিয়ামে শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ছিল তার শেষ প্রকাশ্য উপস্থিতি।
বারেসির মৃত্যুতে এসি মিলান বলেছে, তার স্মৃতি ও আদর্শ ভবিষ্যতেও ক্লাবকে পথ দেখাবে। ফুটবল ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।



