বিশেষ সংবাদদাতা
নির্বাচন কমিশনে (ইসি) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন নিয়ে শুনানি শেষে কড়া হুঁশিয়ারি দিয়েছে ‘বাংলাদেশ আমজনগণ পার্টি’ (বিএজেপি)। দলটির প থেকে অভিযোগ করেন সদস্যসচিব ফাতিমা তাসনিম। তিনি বলেন, একটি বৃহত্তর জনগোষ্ঠীকে নির্বাচনের বাইরে রাখতে ষড়যন্ত্রের মাধ্যমে কমিশনকে প্রভাবিত করা হয়েছে। আমাদের মৌলিক রাজনৈতিক অধিকার চর্চায় বাধা দেয়া হচ্ছে। তিনি বলেন, নিবন্ধন নিয়ে আর কোনো নয়-ছয় করা হলে তা মেনে নেয়া হবে না। গতকাল রাজধানীর নির্বাচন ভবনে আমজনগণ পার্টির নিবন্ধন ইস্যুতে এই শুনানি অনুষ্ঠিত হয়। গণবিজ্ঞপ্তি জারির তিন মাস ২২ দিন পর অনুষ্ঠিত এই শুনানিতে চারজন নির্বাচন কমিশনার এবং আম জানগণ পার্টির আহ্বায়ক ও সদস্যসচিব উপস্থিত ছিলেন। তবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ও ইসি সচিব সভায় উপস্থিত ছিলেন না।
শুনানি শেষে সংবাদ সম্মেলনে ফাতিমা তাসনিম বলেন, যেসব জেলা ও উপজেলায় আমরা কমিটি দেইনি, সেখান থেকেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় নেতিবাচক প্রতিবেদন দিয়েছে। এটি পরিষ্কার একটি ষড়যন্ত্র। আমাদের মৌলিক রাজনৈতিক অধিকার চর্চায় বাধা দেয়া হচ্ছে।
তিনি বলেন, দলের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই। অভিযোগ মূলত ব্যবসা কেন্দ্রিক এবং ব্যক্তিগত। ব্যক্তিগত কোনো বিষয়ের দায় দল নেবে না, সেটি আইন-আদালত দেখবে। নিবন্ধন নিয়ে আর কোনো নয়-ছয় করা হলে তা মেনে নেয়া হবে না।
দলটির আহ্বায়ক ড. মোহাম্মদ রফিকুল আমীনের ডেসটিনির সাথে সম্পৃক্ততার খবরকে মিথ্যা দাবি করে তাসনিম বলেন, ডেসটিনির সব অফিস বহু বছর ধরে বন্ধ। সেই অফিস আমরা দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করছি, এমন তথ্য সঠিক নয়।



