নিরাপদ বাংলাদেশ গড়তে তারেক রহমানকে দায়িত্ব দিয়েছে জনগণ। বরিশাল সদর-৫সহ সারা দেশে বিএনপির প্রার্থীদের বিজয়ী করার মাধ্যমে জনগণ আবারো প্রমাণ করেছে, তারা বিএনপি ও জিয়া পরিবারের ওপর আস্থা রাখে। এজন্য তিনি ভোটারদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
শনিবার বরিশাল সদর-৫ আসনে তার বাসভবনে নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। এ সময় তিনি আরো বলেন, দীর্ঘ প্রায় ১৯ বছর ধরে বিএনপি ও জিয়া পরিবারকে ধ্বংসের নানা ষড়যন্ত্র হয়েছে। দেশকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকের অভয়ারণ্যে পরিণত করা হয়েছিল। ফলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ একটি অনিরাপদ রাষ্ট্র হিসেবে পরিচিতি পায়।
রহমাতুল্লাহ বলেন, জনগণ ব্যালটের মাধ্যমে সেই ষড়যন্ত্র নস্যাৎ করেছে। একটি নিরাপদ ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগণ তারেক রহমানের প্রতি আস্থা রেখেছে। জনগণের এই আস্থার প্রতিদান দিতে আগামী দিনে তারেক রহমান দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কাজ করবেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন জমইয়াতে মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ মাহমুদি। বিজ্ঞপ্তি।



