উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, শিক্ষকরা শুধু শ্রেণিকক্ষের শিক্ষক নন, তারা সমাজেরও শিক্ষক। সমাজ মূলত শিক্ষক ও আলেমদের অনুসরণ করে। তাই শিক্ষকদের নৈতিক শিক্ষার প্রসার ঘটাতে হবে। গতকাল রোববার উল্লাপাড়া উপজেলা বিআরডিবি মিলনায়তনে শিক্ষকদের সাথে মতবিনিময় ও প্রাথমিক শিক্ষা পদক-২০২৬-এর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাওলানা রফিকুল ইসলাম বলেন, সমাজে দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকের মতো অবক্ষয় দূর করতে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা দেয়া জরুরি। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে বলেন, ফ্যাসিবাদের চরম অবক্ষয়ের কারণেই দেশজুড়ে বিপুল অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিএনপির সাবেক সদস্যসচিব মো: আজাদ হোসেন, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী প্রমুখ।



