সিলেট ব্যুরো
আধুনিক শিক্ষার সাথে ইসলামী মূল্যবোধের সমন্বয়ে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে ইবনে সিনা সিলেট লিমিটেডের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান বলেছেন, শিশুদের নৈতিক, আদর্শিক ও মানবিক গুণাবলি বিকাশে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, চরিত্রবান, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে। তবেই তারা ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।
তিনি বলেন, আমাদের আগামীর তরুণ প্রজন্মকে মেধাবী শিক্ষার্থীর পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আধুনিক জ্ঞানচর্চার সাথে ইসলামী মূল্যবোধের সমন্বয় ঘটিয়ে শিক্ষাদানই সময়ের দাবি। তানজিম ইন্টারন্যাশনাল তাহফীজ স্কুল সেই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বৃহস্পতিবার সিলেট নগরীর শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত তানজিম ইন্টারন্যাশনাল তাহফীজ স্কুলের প্রি-স্কুল ও প্রাইমারি শাখার শিক্ষার্থীদের গ্রাজুয়েশন সেরিমনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বর্ণাঢ্য এ আয়োজনে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সুধীজন ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মিলনায়তন মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, তানজিম ইন্টারন্যাশনাল তাহফীজ স্কুলের শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ, জাতি ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি আশাবাদী। তিনি বলেন, সঠিক দিকনির্দেশনা ও আদর্শিক শিক্ষার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের জাতির যোগ্য সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. শাফি আহমদ, স্কলার্স একাডেমি ঢাকার পরিচালক মোহাম্মদ সাইফুল্লাহ, হিলসিটি ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক এখলাছে এলাহী এবং শিক্ষাবিদ জিল্লুর রহমান।



