নিপা-শিবলী জুটির নেপথ্যে

Printed Edition
নিপা-শিবলী জুটির নেপথ্যে
নিপা-শিবলী জুটির নেপথ্যে

বিনোদন প্রতিবেদক

দেশের জনপ্রিয় নৃত্য জুটি শিবলী মহম্মদ ও শামীম আরা নীপা। দেশ-বিদেশে অসংখ্য অনুষ্ঠান করেছেন তারা। নৃত্য নৈপুণ্যে জিতে নিয়েছেন দর্শকমন। কিন্তু বছরের পর বছর পার হলেও কীভাবে জুটি ধরে রাখলেন তারা? আর শুরুতেই কি বুঝতে পেরেছিলেন তাদের জুটিটি এভাবে পরিচিত পাবে? এ বিষয়ে শামীম আরা নিপা বলছেন, যখন নাচে ক্যারিয়ার করি, তখন আমার সমসাময়িক ছেলে শিল্পী কম ছিল। দীর্ঘদিন একাই কাজ করেছি। শিবলী এলো ’৮০-এর মাঝামাঝিতে। আমার সাথে কাজ শুরু করল। আমরা এক ম্যাগাজিন অনুষ্ঠানে কত্থক তারানা করেছিলাম। সেখানে দেখলাম, সবাই খুব সাদরে গ্রহণ করছে। তখন আমিই কিছু কিছু জায়গায় বলতাম, একটি নতুন ছেলে এসেছে, আমরা একসাথে কাজ করি।

নিপা বলছিলেন, নতুনদের প্রতি সবাই অত আগ্রহ দেখায় না। কিন্তু একটি-দুটি কাজের পর দেখেছি, আমার আর কিছু বলার প্রয়োজন হয়নি। শিবলী নিজেই নিজের জায়গাটি তৈরি করেছে। একসাথে কাজ করার কথাটি আমরা নিজেরা বলার চেয়ে অন্যরাই বলছে বেশি। তখন তো একটাই টিভি ছিল বিটিভি। সেখানে সবসময় আমরা একসাথে কাজ করার অফার পেতাম। যখন মঞ্চে অনুষ্ঠান করতাম, তখনো বলত, আপনারা একসাথে কাজ করেন। এভাবেই আসলে শুরু।