আজ শুরু অদম্য টি-২০ কাপ

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

টি-২০ বিশ্বকাপে নেই বাংলাদেশ। আন্তর্জাতিক এই বড় আসরের বাইরে থাকায় জাতীয় দলের ক্রিকেটারদের জন্য তৈরি হওয়া ফাঁকা সময় ও সম্ভাব্য আর্থিক ক্ষতির কথা মাথায় রেখেই নতুন একটি উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই উদ্যোগের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে তিন দলের অদম্য বাংলাদেশ টি-২০ টুর্নামেন্ট। আজ উদ্বোধনী দিনে সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ। আগামীকাল ধূমকেতুর বিপক্ষে খেলবে দুর্বার। ৭ ফেব্রুয়ারি লিগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুর্বার ও দুরন্ত। ৯ ফেব্রুয়ারি হবে ফাইনাল। সব ম্যাচের আগে বিকেল ৪টা থেকে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

এই টুর্নামেন্টে লিটন দাসের নেতৃত্বে ধূমকেতু একাদশ, নাজমুল হোসেন শান্তর দুর্বার এবং আকবর আলীর নেতৃত্বাধীন দুরন্ত একাদশ অংশ নেবে। টুর্নামেন্ট সামনে রেখে ইতোমধ্যে তিন দলই অনুশীলন করেছে, গত তিন দিন ধরে। প্রতিটি দলের জন্য আলাদা কোচিং প্যানেল গঠন করেছে বিসিবি। ধূমকেতু একাদশের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সালাউদ্দিন, সহকারী কোচ হিসেবে থাকবেন মোহাম্মদ আশরাফুল। দুর্বার একাদশের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল এবং সহকারী কোচ তুষার ইমরান। দুরন্ত একাদশের কোচিং প্যানেলে রয়েছেন প্রধান কোচ হান্নান সরকার ও সহকারী কোচ রাজিন সালেহ আলম।

চার ম্যাচের এই প্রতিযোগিতার মাধ্যমে ক্রিকেটারদের ম্যাচ খেলার সুযোগের পাশাপাশি আর্থিক দিক থেকেও কিছুটা স্বস্তি দিতে চায় বিসিবি। অদম্য বাংলাদেশ টি-২০ আয়োজনে শুধু ম্যাচ ফি ও প্রাইজমানি বাবদই বিসিবির খরচ হচ্ছে দুই কোটি ৫৬ লাখ ৫০ হাজার টাকা। প্রতিম্যাচে ক্রিকেটাররা ৫০ হাজার টাকা করে ম্যাচ ফি পাবেন। এর পাশাপাশি ম্যাচ জিতলে দল পাবে ১০ লাখ টাকা, যা ভাগ হয়ে যাবে খেলোয়াড়দের মধ্যে।

প্রতি দলে ২০ জন করে ক্রিকেটার ও কোচিং স্টাফ থাকবেন। গড় হিসাবে ক্রিকেটাররা দলীয় সাফল্যের ভিত্তিতে এখান থেকে অতিরিক্ত প্রায় ৫০ হাজার টাকা করে আয় করতে পারবেন। প্রথম পর্বে দু’টি ম্যাচ জিতলে ক্রিকেটারদের আয় আরো বাড়বে। তবে বড় অঙ্কের অর্থ আসবে ফাইনাল পর্বে ভালো ফলের মাধ্যমে।

লিগ পর্বে তিন ম্যাচ খেলার পর শীর্ষ দু’টি দল ফাইনালে উঠবে। চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে পাবে এক কোটি টাকা, যা গড়ে ক্রিকেটারপ্রতি প্রায় পাঁচ লাখ টাকা। ম্যাচ ফি ও অন্যান্য আয়ের সাথে মিলিয়ে চ্যাম্পিয়ন দলের একজন ক্রিকেটার টুর্নামেন্ট থেকে ন্যূনতম সাত লাখ টাকা আয় করতে পারবেন। রানার্সআপ দল পাবে ৪০ লাখ টাকা প্রাইজমানি, যেখানে গড়ে জনপ্রতি প্রায় দুই লাখ টাকা ভাগে আসবে। এই দলের ক্রিকেটারদের মোট আয় দাঁড়াবে অন্তত চার লাখ টাকা।

ম্যাচ ফি ও দলীয় পুরস্কারের বাইরেও ব্যক্তিগত নৈপুণ্যের জন্য রাখা হয়েছে আলাদা আর্থিক পুরস্কার। প্রতি ম্যাচের সেরা খেলোয়াড় পাবেন এক লাখ টাকা। পুরো টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের জন্য রাখা হয়েছে পাঁচ লাখ টাকা। পাশাপাশি সর্বোচ্চ রান সংগ্রাহক এবং সর্বোচ্চ উইকেটশিকারির জন্য থাকছে তিন লাখ টাকা করে পুরস্কার।

শিক্ষার্থীদের জন্য ফ্রি

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অদম্য বাংলাদেশ টি-২০ কাপ ২০২৬ নামের এই টুর্নামেন্টে শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধার ঘোষণা দিয়েছে বিসিবি। স্কুল ও কলেজের শিক্ষার্থীরা ক্লাব হাউজ গ্যালারিতে বসে ফ্রিতে ম্যাচ দেখতে পাবে। তবে তাদের নিজ নিজ স্কুল বা কলেজের নির্ধারিত ড্রেস পরতে হবে এবং সাথে রাখতে হবে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র।

দর্শকরা টিকিট কেটে মাঠে ঢুকতে হবে। পূর্ব গ্যালারির টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা, উত্তর ও দক্ষিণ গ্যালারির জন্য ২০০ টাকা, ক্লাব হাউজের টিকিটের দাম ৫০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের মল্য এক হাজার টাকা।