চকরিয়ায় ভারী বর্ষণে পাহাড়ধসের আশঙ্কা মাতামুহুরীর পানি বৃদ্ধি

Printed Edition

চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা

গত দুই দিন ধরে টানা ভারী বর্ষণ অব্যাহত থাকায় কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলাসহ আশপাশের পাহাড়ি এলাকায় পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য চকরিয়া উপজেলা বা প্রশাসনের পক্ষ থেকে দিনভর মাইকিং করা হচ্ছে। এ দিকে টানা বৃষ্টিতে মাতামুহুরী নদীর পানি হু হু করে বৃদ্ধি পাওয়ায় নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলে আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হয়েছে।

ভারী বৃষ্টির কারণে চকরিয়া পৌর এলাকার বিভিন্ন সড়কে ও বসতবাড়িতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সরেজমিনে দেখা গেছে, পৌরসভার হাসপাতাল পাড়া, থানা সেন্টার, নিউমার্কেট ও মহাসড়কের ওপর পানি জমে থাকায় সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের চলাচল ব্যাহত হচ্ছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে উপজেলার স্থায়ী ও অস্থায়ী নিম্নাঞ্চল, বিশেষ করে ফাঁসিয়াখালী, কৈয়ারবিল, বরইতলী, ডুলাহাজারা, সাহারবিল, সুরাজপুর-মানিকপুর, কাকারা ও বমু-বিলছড়ি ইউনিয়নের নিম্নাঞ্চল ইতোমধ্যে তলিয়ে গেছে। জলাবদ্ধতার কারণে স্বাভাবিক কর্মজীবন ও ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অতি ভারী বৃষ্টির কারণে মাতামুহুরীসহ প্রধান নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যা বন্যার ঝুঁকি বাড়াচ্ছে। কক্সবাজার আবহাওয়া অফিসের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনও এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। চকরিয়া উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে এবং আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে বলে জানা গেছে।