ঠাকুরগাঁও প্রতিনিধি
বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনে দলটির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘদিন পরে ভোট হবে, ভোট দিয়ে আপনারা সরকার নির্বাচিত করবেন। অন্য বারের চেয়ে এবার নির্বাচন একটু অন্যরকম। আগে মার্কা ছিল ধানের শীষ আর নৌকা। এবার নৌকা নেই। নৌকার যিনি কাণ্ডারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নেতাকর্মীদের ফেলে পালিয়ে গেছেন ভারতে। দিল্লিতে গিয়ে বসে আছেন। আর আমাদের বিপদে ফেলে গেছেন। শেখ হাসিনা থাকলে অন্তত একটা গণতান্ত্রিক ব্যবস্থা চলত। গতকাল সোমবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়ন মাঠে এবং জগন্নাথপুর এলাকার সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় বক্তব্য দানকালে তিনি এ কথা বলেন।
সমাবেশের এক পর্যায়ে তিনি তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী জামায়াতের দেলাওয়ারের প্রশংসা করে বলেন, এবারে যে নতুন মার্কা রয়েছে, তাদের একজন প্রতিনিধি এখানে দাঁড়িয়েছে নাম দেলাওয়ার। এ এলাকার ছেলে সে। বেশ ভালো ছেলে, তবে বয়স কম। লেগে থাকলে আগামীতে অনেক ভালো করতে পারবে। আমার বয়স হয়েছে।
তিনি আরো বলেন, আমরা এমপি ছিলাম, সরকার চালানোর অভিজ্ঞতা আমাদের আছে। শিক্ষকতা করেছি বলেই সবাই আমাকে স্যার বলে, স্যার নামেই আমি পরিচিত, কেউ আমার সম্বন্ধে খারাপ বলতে পারবে না। আমরা রাজনীতি করে ব্যবসা করি না। বিএনপি বড় দল। বিএনপি জনগণের অধিকার রক্ষা করে। মা-বোনদের অধিকার রক্ষা করে।
জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, আমি কোনো দল বা পার্টির বদনাম করতে চাই না। ওটা আমার অভ্যাসের মধ্যেও নেই। শুধু এটুকু বলতে চাই যে, ১৯৭১ আমাদের অস্তিত্ব। যুদ্ধ করে সে সময় আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছি। সে সময় পাকিস্তান বাহিনীকে যারা সাহায্য করেছে জনগণের বিরুদ্ধে; তারাই আজ জনগণের কাছে ভোট চাইতে আসে। যারা স্বাধীনতায় বিশ্বাস করে না তাদের আমরা ভোট দিতে পারি না।
তিনি হিন্দু ভোটারদের উদ্দেশ্য করে বলেন, এ দেশে কোনো সংখ্যালঘু নাই; যারা আছে তারা সবাই বাংলাদেশী নাগরিক। সবার অধিকার সমান। কেউ ভয় পাবেন না, সবাই বুকে সাহস নিয়ে চলবেন। আমার ভাইয়েরা সব সময় আপনাদের পাহারা দিবে। পাশে থাকবে। বিএনপি নির্বাচিত হলে বাংলাদেশের সবার অধিকার রক্ষা করবে।
নির্বাচনী সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।



