উত্তরপত্রে কারচুপির দায়ে তা’মীরুল মিল্লাতে ৩০ শিক্ষার্থী বহিষ্কার

Printed Edition

গাজীপুর মহানগর প্রতিনিধি

উত্তরপত্রে কারচুপি ও পরীক্ষায় অসাধুপায় অবলম্বনের অভিযোগে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার ৩০ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। সোমবার প্রকাশিত এক বিশেষ নোটিশে মাদরাসা কর্তৃপক্ষ বলেছে, উত্তরপত্র পুনর্মূল্যায়ন ও অভ্যন্তরীণ তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর এ ব্যবস্থা নেয়া হয়েছে। প্রতিষ্ঠানের পরীক্ষাব্যবস্থার স্বচ্ছতা, শিক্ষার মান ও অ্যাকাডেমিক শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও অনিয়মের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নোটিশে বলা হয়, শিশু শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত অর্ধবার্ষিক পরীক্ষা, দশম শ্রেণীর প্রাক-নির্বাচনী পরীক্ষা এবং আলিম প্রথম বর্ষের সমাপনী পরীক্ষা-২০২৬-এ অংশ নেয়া কয়েকজন শিক্ষার্থী উত্তরপত্রে কারচুপি ও অনৈতিক পন্থা অবলম্বন করেন। পরে উত্তরপত্র পুনর্মূল্যায়ন এবং অভ্যন্তরীণ তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।

বহিষ্কৃতদের মধ্যে সবচেয়ে বেশি ১২ জন আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী। এ ছাড়া সপ্তম শ্রেণীর আটজন, অষ্টম শ্রেণীর তিনজন, দশম শ্রেণীর তিনজন, নবম শ্রেণীর দু’জন এবং ষষ্ঠ শ্রেণীর দু’জন শিক্ষার্থী রয়েছেন।

বিষয়ভিত্তিক তথ্যে দেখা যায়, ইংরেজি দ্বিতীয় পত্রে সর্বাধিক ১১ জন শিক্ষার্থীর বিরুদ্ধে উত্তরপত্রে কারচুপির অভিযোগ প্রমাণিত হয়েছে। এ ছাড়া আরবি প্রথম ও দ্বিতীয় পত্র, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), নাহু, বালাগাত-মানতেক, কুরআন, পৌরনীতি, ইতিহাস এবং বিজ্ঞান বিভাগের বিভিন্ন বিষয়ের পরীক্ষাতেও অনিয়ম ধরা পড়ে।

এ বিষয়ে অধ্যক্ষ ড. মো: হেফজুর রহমান বলেন, প্রতিষ্ঠানের দীর্ঘ দিনের সুনাম, শিক্ষার মান, পরীক্ষাব্যবস্থার স্বচ্ছতা ও অ্যাকাডেমিক শৃঙ্খলা বজায় রাখতে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। ভবিষ্যতেও কোনো ধরনের জালিয়াতি বা অসাধুপায়ের ক্ষেত্রে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণ করা হবে।

মাদরাসা সংশ্লিষ্টরা জানান, তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা দেশের অন্যতম শীর্ষ আলিয়া শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত। এ প্রতিষ্ঠানে পরীক্ষাব্যবস্থার স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়।