আইজিপির সাক্ষাৎ

পুলিশকে বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলার হয়রানি বন্ধ করতে নির্দেশনা রাষ্ট্রপতির

Printed Edition
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশীদের প্রতিনিধিদল সাক্ষাৎ করেন : পিআইডি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশীদের প্রতিনিধিদল সাক্ষাৎ করেন : পিআইডি

নিজস্ব প্রতিবেদক

দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশ বাহিনীকে সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সাথে বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলার হয়রানি থেকে জনগণকে রক্ষা করার নির্দেশনা দিয়েছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার বঙ্গভবনে আইজিপি মো: আলী হোসেন ফকির রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এ আহ্বান জানান।

পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সাক্ষাৎকালে রাষ্ট্রপতি আইনের শাসন প্রতিষ্ঠায় জরুরি ভিত্তিতে যথাযথ পদক্ষেপ নেয়ার জন্য পুলিশ বাহিনীর সদস্যদের নির্দেশনা দেন। এ ছাড়া অপতথ্য, মিথ্যা তথ্য ও গুজবসহ সাইবার অপরাধ, ছিনতাই, চাঁদাবাজি ও মাদকের বিস্তার দমন এবং নারী ও শিশুর নিরাপত্তা বিধানে কার্যকর ব্যবস্থা নিতে পুলিশ প্রধানকে নির্দেশ দেন। এ ব্যাপারে জনগণকে নিয়মিত অবহিত রাখা ও ব্যাপক প্রচারণার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

এ সময় রাষ্ট্রপতি বর্তমান সরকার মানুষের মৌলিক মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে কাজ করে যাচ্ছে মন্তব্য করে। বিচারবহির্ভূত হত্যা, জনগণকে হয়রানি ও মিথ্যা মামলা বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়া অব্যাহত রাখার জন্য পুলিশকে নির্দেশনা দেন।

সাক্ষাৎকালে আইজিপি পুলিশের মনোবল দৃঢ় রাখতে এবং বাহিনীর আধুনিকায়ন ও ডিজিটালাইজেশনে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত দায়িত্ব পালনে তার সার্বিক সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।