স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে রিহ্যাব-এভারকেয়ার হাসপাতাল সমঝোতা

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

সহজলভ্য, সাশ্রয়ী ও আন্তর্জাতিক মানের কার্যকর স্বাস্থ্যসেবা পেতে আবাসন খাতের উদ্যোক্তা, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জন্য রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এবং এভারকেয়ার হাসপাতালের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

গতকাল রাজধানীর রিহ্যাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতি ড. আলী আফজাল এবং এভারকেয়ার হাসপাতালের জিএম ও করপোরেট মার্কেটিং বিভাগের প্রধান এ এম আবুল কাশেম রনি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন। এর আওতায় রিহ্যাবের সদস্য, সদস্যভুক্ত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, রিহ্যাব সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং তাদের আইনগত নির্ভরশীলরা এভারকেয়ার হাসপাতালের বিভিন্ন বিশেষায়িত চিকিৎসাসেবা, ডায়াগনস্টিক সুবিধা, স্বাস্থ্য পরীক্ষা এবং অন্যান্য চিকিৎসাসেবায় বিশেষ করপোরেট সুবিধা ও মূল্যছাড় উপভোগ করতে পারবেন। বিভিন্ন সেবার ক্ষেত্রে এই সর্বোচ্চ ৫২ শতাংশ পর্যন্ত মূল্যছাড় থাকবে।

অনুষ্ঠানে রিহ্যাবের সহসভাপতি-৩ এ এফ এম ওবায়দুল্লাহ, সহসভাপতি (ফিন্যান্স) ড. মো: হারুন অর রশিদ এবং সোশ্যাল ওয়েলফেয়ার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও রিহ্যাব পরিচালক এ এস এম আবদুল গাফফার মিয়াজী উপস্থিত ছিলেন। এভারকেয়ার হাসপাতালের পক্ষ থেকে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- করপোরেট মার্কেটিং বিভাগের ব্যবস্থাপক মো: ইফতেখার হোসেন, সহকারী ব্যবস্থাপক ইয়ামিন আরা আঞ্জিলা।