ফুলছড়ি (গাইবান্ধা) সংবাদদাতা
গাইবান্ধার ফুলছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে অস্থায়ী নিয়োগে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন নিয়োগবঞ্চিত প্রার্থী ও স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভের একপর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের একটি কক্ষে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিককে মারধরের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ফ্যামিলি কার্ডের তথ্যভাণ্ডার তৈরিতে অস্থায়ীভাবে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগের পরীক্ষা নেয়া হয়। সোমবার রাতে ফল প্রকাশের পর নিয়োগপ্রক্রিয়ায় অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে। এর প্রতিবাদে মঙ্গলবার সকালে বিক্ষুব্ধরা ইউএনও কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন। একপর্যায়ে কয়েকজন ইউএনও কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার কক্ষে ভাঙচুর করেন বলে অভিযোগ পাওয়া যায়।
সাংবাদিক তৌহিদুর রহমান তুহিন বলেন, ঘটনার ভিডিও ধারণ ও তথ্য সংগ্রহের সময় কয়েকজন তার ওপর চড়াও হয়ে মারধর করেন। এতে তিনি আহত হয়েছেন। ফুলছড়ি থানার এসআই এরশাদুল হক বলেন, বিক্ষোভের একপর্যায়ে কয়েকজন ভাঙচুর করেন। ইউএনওর পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে অভিযোগের বিষয়ে উপজেলা প্রশাসনের বক্তব্য পাওয়া যায়নি।



