কাউন্টি অভিষেকে ৩ উইকেট হাসানের

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে অভিষেকটা স্মরণীয় করে রাখলেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। কেন্টের জার্সিতে প্রথম ম্যাচের প্রথম দিনে ব্যাট হাতে অবদান রাখার পর বল হাতে ল্যাঙ্কাশায়ারের টপ অর্ডারে ধস নামিয়ে দিয়েছেন। অভিষেক ম্যাচে ৬ ওভারে ৩২ রান খরচায় ৩ উইকেট নিয়ে দারুণ শুরু করেছেন এই ডানহাতি পেসার।

কাউন্টি চ্যাম্পিয়নশিপে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ম্যাচে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পান হাসান। ইনিংসের শেষ দিকে নেমে ৮ বলে ৬ রান করে অপরাজিত ছিলেন। এরপর বল হাতে নিজের সামর্থ্যের প্রমাণ দেন। অবশ্য শুরুটা সুখকর ছিল না। অভিষেক ওভারে অস্ট্রেলিয়ান ব্যাটার বেন ম্যাকডারমটের একটি বিশাল ছক্কাসহ ৯ রান খরচ করেন হাসান। তবে চাপ সামলে ঘুরে দাঁড়াতে সময় নেননি। নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই ফিরিয়ে দেন অস্ট্রেলিয়ার হয়ে ১৪ টেস্ট খেলা ওপেনার মার্কাস হ্যারিসকে। কাউন্টি ক্রিকেটে এটিই ছিল হাসানের প্রথম উইকেট।

এরপর আরও দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। ইংল্যান্ডের সীমিত ওভারের দলের নিয়মিত মুখ লিয়াম লিভিংস্টোনকে ফেরানোর আগে তার কাছ থেকে দুটি চার হজম করতে হলেও শেষ পর্যন্ত সফল হন হাসান। তার তৃতীয় শিকার জোসেফ মুরস। অফস্ট্যাম্পের বাইরে দেয়া বলটি কিছুটা ভেতরে ঢুকছিল, সেটি খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে বিদায় নেন মুরস।

হাসানের তিন উইকেটের পাশাপাশি কেন্টের হয়ে বোলিংয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখেন কিথ ডাজিয়ন। ২১ রান খরচায় ৬ উইকেট নিয়ে ল্যাঙ্কাশায়ারের ব্যাটিং লাইনআপ একাই গুঁড়িয়ে দেন। এছাড়া একটি উইকেট নেন ম্যাট মিলনেস। কেন্টের সম্মিলিত বোলিংয়ে মাত্র ৮৭ রানে গুটিয়ে যায় ল্যাঙ্কাশায়ারের প্রথম ইনিংস। এর আগে কেন্ট নিজেদের প্রথম ইনিংসে ১৭৮ রান তুলেছিল। দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেন বেন ডকিন্স। ফলে প্রথম ইনিংস শেষে ৯১ রানের লিড পায় কেন্ট। দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে এগিয়ে যাওয়ার সুযোগ পায় দলটি।