ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদে নিয়োগ পেয়েছেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো: আতিকুর রহমান। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো: মনজুরুল হকের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে ২৯ আগস্ট পূর্বাহ্ন থেকে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একই সাথে পুনরাদেশ না দেয়া পর্যন্ত ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো: আতিকুর রহমানকে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
আদেশে আরো বলা হয়, অধ্যাপক ড. মো: আতিকুর রহমান বিধি মোতাবেক রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদের সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করবেন। নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করায় অধ্যাপক ড. মো: মনজুরুল হককে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
নবনিযুক্ত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আস্থা রাখার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘রেজিস্ট্রার অফিস বিশ্ববিদ্যালয়ের নার্ভ সেন্টারের মতো, যেটি হওয়া উচিত দক্ষতা, সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সেবা প্রদানের একটি প্রতীক।’ এই প্রতিষ্ঠানটি যেন সর্বোত্তম সেবা প্রদানে কাজ করে যেতে পারে সে লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা করার অঙ্গীকার ব্যক্ত করে সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন। বিজ্ঞপ্তি।



