নিজস্ব প্রতিবেদক
রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন ও পাকিস্তান দূতাবাসের সামনে থেকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতর (ডিজিএফআই) কর্মকর্তা পরিচয় দেয়া এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গত শনিবার সন্ধ্যা সোয়া ৭টায় তাকে আটক করে গুলশান থানায় হস্তান্তর করা হয়। রাতেই তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়। গতকাল রোববার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতার যুবকের নাম মো: সাইফ ইমরান (৩৭)। তিনি সিলেটের বিয়ানীবাজার পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের খাসা গ্রামের মঈন উদ্দিন আহমেদের ছেলে।
বর্তমানে রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকা ব্লক-এফ এর ৪ নম্বর রোডের ১৯৮ বাড়ি থাকেন।
গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো: আনোয়ার হোসেন জানান, গত শনিবার রাত সোয়া ৭টায় গুলশান থানার অধীনে প্রধানমন্ত্রীর বাসভবনের পাশে ও পাকিস্তান দূতাবাসের পশ্চিমে গুলশান নর্থ অ্যাভিনিউতে একটি মোটরসাইকেল পার্ক করার সময় এক ব্যক্তিকে আটক করা হয়। এর আগে দুপুরে ওই ব্যক্তি একই জায়গায় তার মোটরসাইকেলটি পার্ক করেছিলেন। পুলিশ সদস্যরা তাকে সেখানে পার্ক করতে নিষেধ করলে তিনি নিজেকে ‘সাইফ ইমরান এডি, ডিজিএফআই’ হিসেবে পরিচয় দিয়ে জায়গাটি ছেড়ে চলে যান।
এসআই আনোয়ার আরো বলেন, সন্ধ্যার পর ডিজিএফআই কর্মকর্তাদের পার্কিংয়ে ফের একই স্থানে মোটরসাইকেলটি রাখেন ইমরান। এরপর পুলিশ তার পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে ডিজিএফআইয়ের সহকারী পরিচালক (এডি) হিসেবে পরিচয় দেন। পরে তার গতিবিধি এবং কথাবার্তা সন্দেহজনক মনে হলে তাকে গুলশান থানায় নিয়ে যাওয়া হয়।
পরে ডিজিএফআই কর্মকর্তাদের কাছ থেকে বিষয়টি যাচাই করা হয়।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি স্বীকার করেন, তিনি ডিজিএফআই বা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য নন।
গ্রেফতার ইমরানের কাছ থেকে একটি বাংলাদেশ সেনাবাহিনীর রেইনকোট, একটি সেনাবাহিনীর মোবাইল ব্যাকপ্যাক, ডিজিএফআই চিহ্নিত একটি কালো ওয়ালেট, সেনাবাহিনীর লোগোযুক্ত চাবির রিংসহ দু’টি চাবি, দু’টি মোবাইল ফোন- আইফোন ১১ ও স্যামসাং এ১০এস এবং একটি অনিবন্ধিত সাদা রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল উদ্ধার করা হয়।



