আবারো অভিশংসিত ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্ট সারা দুতের্তে

Printed Edition

আলজাজিরা

ফিলিপাইনের কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভস দ্বিতীয়বারের মতো ভাইস প্রেসিডেন্ট সারা দুতের্তেকে অভিশংসনের পক্ষে ভোট দিয়েছে। মোট ৩১৮ জন সদস্যের মধ্যে ২৫৭ জন অভিশংসনের পক্ষে ভোট দেন, যা সেনেটে অভিযোগ পাঠানোর জন্য প্রয়োজনীয় এক-তৃতীয়াংশের চেয়ে অনেক বেশি। ২৬ জন বিরোধিতা করেন এবং ৯ জন ভোটদানে বিরত থাকেন।

এই ভোট দেশটির রাজনৈতিক অস্থিরতাকে আরো গভীর করেছে। দুতের্তে পরিবারের সাথে বর্তমান প্রেসিডেন্ট ফের্দিনান্দ মারকোস জুনিয়রের দ্বন্দ্ব চলমান থাকায় ফিলিপাইন এখন রাজনৈতিক সঙ্কটের পাশাপাশি বৈশ্বিক জ্বালানি সঙ্কটজনিত অর্থনৈতিক অনিশ্চয়তার মুখে পড়েছে। হাউজ জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান জারভিল লুইস্ত্রো বলেন, বিষয়টি শুধু আইন নয়, নৈতিকতা ও সংবিধান সম্পর্কেও। আমাদের ভোট আজ শুধু একজন ব্যক্তিকে নিয়ে নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কেমন একটি প্রজাতন্ত্র রেখে যেতে চাই তা নিয়েও।

দুতের্তের বিরুদ্ধে অভিযোগগুলোর মধ্যে রয়েছে সংবিধান লঙ্ঘন, জনআস্থার বিশ্বাসঘাতকতা, গোপন সরকারি তহবিলের অপব্যবহার, সম্পদ গোপন, ঘুষ গ্রহণ এবং প্রেসিডেন্ট মারকোস, তার স্ত্রী লিজা আরানেতা ও সাবেক স্পিকার মার্টিন রোমুয়ালদেজের বিরুদ্ধে দেয়া মৃত্যুহুমকি। সবচেয়ে গুরুতর অভিযোগ হলো ১১ কোটি ডলারের বেশি ব্যক্তিগত ব্যাংক লেনদেন, যা অর্থপাচারবিরোধী সংস্থা চিহ্নিত করেছে। হাউজ সদস্য টেরি রিডন বলেন, এই লেনদেনগুলো বৈধ আয় বা ঘোষিত সম্পদের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই আজকের ভোট কেবল রাজনৈতিক নয়, এটি সাংবিধানিক জবাবদিহিতার অংশ।

হাউজ চাইছে সেনেট দুতের্তেকে চারটি অভিযোগেই দোষী সাব্যস্ত করুক, তাঁকে ভাইস প্রেসিডেন্ট পদ থেকে অপসারণ করুক এবং ভবিষ্যতে সরকারি কোনো পদে স্থায়ীভাবে অযোগ্য ঘোষণা করুক। তবে সেনেটে দুই-তৃতীয়াংশ ভোট প্রয়োজন, যা এখন অনিশ্চিত হয়ে পড়েছে।