সংক্ষিপ্ত সংবাদ

Printed Edition

জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে ঝিনাইদহের শৈলকুপায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজ রহমান। উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরান হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অভিজিৎ রায় ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: রাসেল আহমেদসহ অন্যরা। অনুষ্ঠানে মৎস্য চাষের উন্নয়ন ও উৎপাদন বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার মৎস্যচাষি ও সংশ্লিষ্টরা অংশ নেন। বক্তারা নিরাপদ মাছ উৎপাদন, পুষ্টি চাহিদা পূরণ এবং মৎস্যসম্পদের ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেন। শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা।

সাপের দংশনে নারীর মৃত্যু

নাটোরের বাগাতিপাড়ায় সাপের দংশনে পান্না বেগম (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার সদর ইউনিয়নের টেটনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আব্দুর রহমানের স্ত্রী ও জিন্নাত আলীর মেয়ে। স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো রোববার ভোরে বাড়ির পাশের চায়ের দোকান খোলার জন্য যান পান্না বেগম। দোকানের সামনে ঝাড়ু দেয়ার সময় হঠাৎ কিছু একটা তাকে দংশন করে। সাপের দংশন সন্দেহ হলেও আশপাশে খোঁজাখুঁজি করে সাপ পাওয়া যায়নি। পরে বিষয়টি গুরুত্ব না দিয়ে তিনি স্বাভাবিক কাজ করতে থাকেন। কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়লে সকাল ৮টার দিকে স্বামী তাকে অটোরিকশায় নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা।

খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী মহিলা কলেজে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে কলেজের শিক্ষক কমনরুমে এ কর্মসূচি পালিত হয়। ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মাসুদ আল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মালেক, কলেজ পরিচালনা কমিটির সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন তৌহিদ, সহকারী অধ্যাপক সুলতানা আফরুজা আহমেদ এবং প্রভাষক আবু খায়ের মো: খায়রুজ্জামান। আলোচনা শেষে সাবেক প্রধানমন্ত্রীর রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন ও দেশের জন্য অবদানের কথা তারা শ্রদ্ধাভরে স্মরণ করেন। ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা।

পাঁচতলা থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

সাভারে কাজ করার সময় পাঁচতলা ভবন থেকে পড়ে রহিম মিয়া (৪০) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে সাভার পৌর এলাকার বনপুকুর মহল্লায় এমারত আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিরাপত্তা ব্যবস্থা ছাড়া কাজ করায় বাড়ির মালিক ঘটনার পর থেকে পলাতক রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য বাড়ির মালিককে বলা হলেও তিনি তা করেননি। গতকাল রোববার কাজের একপর্যায়ে অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন রহিম। তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে শ্রমিকদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়নি। এ কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে তারা মনে করছেন। সাভার (ঢাকা) সংবাদদাতা।

জীবননগরে মাদক ও গাঁজা উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ১১২ বোতল ভারতীয় ‘এসকাফ’ সিরাপ ও তিন কেজি গাঁজা উদ্ধার করেছে বিজিবি। গত শনিবার রাত ৯টার দিকে রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ৭২/৩-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মানিকপুর গ্রামের শরীফের পেয়ারা বাগানে নায়েব সুবেদার মো: আবুল কালাম আজাদের নেতৃত্বে নিয়মিত মাদকবিরোধী টহল দল অভিযান চালায়। এ সময় বাগানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ওই সব এসকাফ সিরাপ ও গাঁজা উদ্ধার করা হয়। গতকাল মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজিবি জানায়, উদ্ধার করা মাদক পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া ক্রু উদ্ধার

সুন্দরবনের আংটিহারা এলাকায় নদীতে পড়ে যাওয়া একটি বাণিজ্যিক জাহাজের এক ক্রুকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গতকাল রোববার সকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন এ তথ্য জানান। তিনি জানান, শনিবার ‘এমভি আলফাডাঙ্গা প্রাইড’ নামের বাণিজ্যিক জাহাজটি ভারত থেকে ফ্লাই অ্যাশ নিয়ে বাংলাদেশে এসে সুন্দরবনের শাকবাড়িয়া নদীসংলগ্ন আংটিহারা এলাকায় অবস্থান করছিল। দুপুর ১২টার দিকে জাহাজের আপার ডেকে কাজ করার সময় অসাবধানতাবশত এক ক্রু নদীতে পড়ে যান। ঘটনাটি রুটিন টহলে থাকা কোস্ট গার্ড স্টেশন কয়রার একটি দল দেখতে পেয়ে তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করে। পরে নদী থেকে ওই ক্রুকে জীবিত উদ্ধার করে নিরাপদে জাহাজে পৌঁছে দেয়া হয়। কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন বলেন, উদ্ধার হওয়া ক্রুর পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। ঘটনাটি সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে কোস্ট গার্ড জানিয়েছে। কয়রা (খুলনা) সংবাদদাতা।

গাড়ি ফেলে পালাল মাদককারবারিরা

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে পালিয়েছে মাদক কারবারিরা। পরে ওই গাড়িতে তল্লাশি চালিয়ে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোয়া মাইক্রোবাস জব্দ করা হয়। গত শনিবার রাতে সাংবাদিকদের ব্রিফিংয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম এ তথ্য জানান। তিনি বলেন, সন্দেহজনক একটি টয়োটা নোয়া মাইক্রোবাসের গতিবিধি লক্ষ্য করে পুলিশ ধাওয়া করলে গাড়িতে থাকা অজ্ঞাতনামা মাদক কারবারিরা গাড়িটি ফেলে পালিয়ে যায়। পরে গাড়ি তল্লাশি চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা।

মাদকসহ ছাত্রদল নেতা গ্রেফতার

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব হাসানকে সাতটি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করেছে মতিহার থানা পুলিশ। গতকাল রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, হাসিবুল হাসানের কাছ থেকে পাওয়া ট্যাবলেটগুলোর মোট ওজন ২ দশমিক ৮০ গ্রাম এবং আনুমানিক মূল্য দুই হাজার ১০০ টাকা। এ সময় লাল-কালো রঙের পালসার ১৫০ সিসির একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। হাসিবের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। ছাত্রলীগ নেতাদের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছিল। রাবি প্রতিনিধি।