সাগর পাড়ি দিতে গিয়ে প্রাণ হারালেন ফাতেন

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

উন্নত আর সুন্দর এক ভবিষ্যতের স্বপ্নই শেষ পর্যন্ত ডেকে আনল করুণ পরিণতি। স্প্যানিশ ভূখণ্ড সেউতায় পৌঁছানোর আশায় উত্তাল সাগরে সাঁতার দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন মরক্কোর উঠতি নারী ফুটবলার ফাতেন বিন আমোর আল আজিজি। এক বুক স্বপ্ন নিয়ে জলসীমায় নেমে এভাবে সলিল সমাধি হলো এই তরুণ ক্রীড়াবিদের।

ফাতেনের এই করুণ মৃত্যু মূলত মরক্কো-সেউতা সীমান্ত অঞ্চলের সাম্প্রতিক ভয়াবহ অভিবাসন সঙ্কটেরই এক মর্মান্তিক রূপ। স্প্যানিশ কর্তৃপক্ষের পরিসংখ্যান অনুযায়ী, উন্নত জীবনের আশায় প্রায় ৬০ হাজার মানুষ সীমান্ত পার হওয়ার ঝুঁকিপূর্ণ চেষ্টা চালাতে গিয়ে বিভিন্ন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৬৭ জন; ফাতেনও যুক্ত হলেন সেই ট্র্যাজিক তালিকার একজন হয়ে।

তরুণ এই খেলোয়াড়ের আকস্মিক ও হৃদয়বিদারক বিদায়ে শোকগ্রস্ত তার ক্লাব ‘মাগরেব অ্যাটলেটিকো তেতুয়ান’ (এমএটি)। আবেগঘন এক বিবৃতিতে ক্লাব কর্তৃপক্ষ জানায়, ‘ফাতেনের স্বপ্নটা প্রস্ফুটিত হওয়ার আগেই সাগরের নোনা জলে মিলিয়ে গেল। সে খ্যাতি কিংবা কোনো সস্তা অ্যাডভেঞ্চারের পেছনে ছোটেনি। চেয়েছিল সামান্য একটি সুন্দর ভবিষ্যৎ আর নিরাপদ জীবন, যা সীমান্তের ওপারে তার জন্য অপেক্ষা করছিল বলে সে বিশ্বাস করত। ফাতেন শুধু নতুন এক অধ্যায় শুরু করতে চেয়েছিল; কিন্তু সেউতায় পৌঁছানোর আগেই সাগরে তার সেই স্বপ্নের সলিল সমাধি ঘটল।

সেউতা পাড়ি দিতে গিয়ে পানিতে ডুবেই মৃত্যু হয়েছে অন্তত ১৭ জন সাধারণ মানুষের। ফাতেনকে হারিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে তার ক্লাব লিখেছে, ‘সীমান্ত পেরোনোর এই মরণখেলা দেশের তরুণসমাজকে চরম মূল্য দিতে বাধ্য করছে। এভাবেই একের পর এক স্বপ্ন রূপ নিচ্ছে দুঃস্বপ্নে, আর ঘরের আনন্দ ভেসে যাচ্ছে প্রিয়জনদের চোখের জলে।’