লংগদু (রাঙ্গামাটি) সংবাদদাতা
রাঙ্গামাটির লংগদুতে এক অটোরিকশাচালককে নির্জন স্থানে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আনুমানিক দুই লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রোববার সকালে উপজেলার সেগুনবাগান এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অটোরিকশাচালক আমির হোসেন (৩০) বাইট্টাপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার পাশ থেকে কাঠ তুলে দেয়ার কথা বলে আমিরকে সেগুনবাগানের নির্জন স্থানে ডেকে নিয়ে যাওয়া হয়। সেখানে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে দুই লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায় তারা।
হামলাকারীদের স্থান ত্যাগের পর আমির মোবাইলে স্থানীয় বাসিন্দা বেলালকে ফোন করে উদ্ধারের আকুতি জানান। এলাকাবাসী তাকে উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের চিকিৎসক জানান, আহতের মাথা ও মুখে গুরুতর জখমসহ শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। অবস্থার অবনতি হলে তাকে অন্যত্র উন্নত চিকিৎসার জন্য পাঠানো হতে পারে।
লংগদু থানার ওসি জাকারিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পর্যবেক্ষণ করেছে। ঘটনার পেছনে কারা জড়িত, তা শনাক্তে তদন্ত চলছে। তবে এ বিষয়ে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।



