মডেল রিধিকা আত্মহত্যায় গ্রেফতার ব্যবসায়ী কারাগারে

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির আত্মহত্যায় প্ররোচনার মামলায় হাফিজুর রহমান নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। গতকাল পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত এই আদেশ দেন। ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আসামিপক্ষের আইনজীবীর আবেদন অনুযায়ী ১৮ আগস্ট জামিন শুনানির জন্য দিন নির্ধারণ করা হয়েছে। রিমান্ড আবেদন না থাকায় তাকে এজলাসে ওঠানো হয়নি। আদালত তদন্ত কর্মকর্তার আবেদন গ্রহণ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

এর আগে শনিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে হাফিজুর রহমনাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।

এর আগে ওসি মাজহারুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছিলেন, বসুন্ধরা আবাসিক এলাকা থেকে রিধিকা রিধির লাশ উদ্ধার করা হয়েছে। সকাল ৬টার দিকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, রিধির পরিবারের দেয়া তথ্য অনুযায়ী, এক ব্যক্তির সাথে তার প্রেম ছিল। শনিবার ভোরে ওই ব্যক্তির সাথে ভিডিও কলে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ভিডিও কলে থাকা অবস্থায় রিধি আত্মহত্যা করেন। এ ঘটনায় রিধিকার মা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা করেছেন।