নয়া দিগন্ত ডেস্ক
প্রযুক্তি দিন দিন এগিয়ে চলেছে। মানুষের করা নানা কাজ এখন এআই, এআই-চালিত রোবট প্রভৃতি দিয়ে করিয়ে নেয়া যাচ্ছে। চীনের রাস্তায় এক রোবটকে এ বার এমন কাজ করতে দেখা গেল, যা মানুষ হয়তো স্বপ্নেও কল্পনা করেননি। ফুটপাতে বসে ভিক্ষা করছে রোবট। করজোড়ে চাইছে টাকা।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, ফুটপাতের ওপর বসে রয়েছে রোবট। সামনে রাখা কিউআরকোডের ফটোকপি আর ছোট্ট বাটি। ভিক্ষা করার জন্য ফুটপাতের ওপর সে সমস্ত জিনিস নিয়ে বসে রয়েছে রোবটটি। সামনে থেকে মানুষ যেতে দেখলেই করজোড়ে ভিক্ষা চাইছে যন্ত্রমানব। লোকজন তাকে টাকাও দিচ্ছে।
‘এরেনচেনএআই’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। সাড়ে তিন হাজারেরও বেশি নেটাগরিক ভিডিওটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘রোবটেরা ভিক্ষুকদেরও চাকরি কেড়ে নিচ্ছে।’
অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘এখন দেখে মজা লাগছে, কয়েক বছর পর যখন সব ক্ষেত্রে রোবট দেখবেন তখন আর মজা লাগবে না।’



