খুলনা ব্যুরো
খুলনা নগরীর জিরোপয়েন্টকে ‘নজরুল চত্বর’ ঘোষণা করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। খুলনাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে গতকাল রোববার দুপুরে বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত বিভাগীয় মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্বদরবারে তুলে ধরে। বর্তমান বিশ্বে সাংস্কৃতিক কূটনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংস্কৃতির মাধ্যমে দেশগুলোর মধ্যে যে মেলবন্ধন তৈরি করা সম্ভব, অনেক সময় তা পররাষ্ট্রনীতির মাধ্যমেও সম্ভব হয় না।
খুলনা বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম, ওয়াসা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান ও রেঞ্জ ডিআইজি মো: মোস্তাফিজুর রহমান।
সভায় নজরুলকে নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মু: বিল্লাল হোসেন খান। এতে বিভাগের ১০ জেলার জেলা প্রশাসক, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, নজরুল গবেষক, শিক্ষক, সাহিত্যপ্রেমী ও সাংস্কৃতিক ব্যক্তিরা অংশ নেন।
এর আগে সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রী।



