সিলেট ব্যুরো
সিলেটে হামের প্রকোপে ফের এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৩৪ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৪৯ জনে। গতকাল এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যাওয়া ১ বছর ১ মাসের শিশু তাকরিম সিলেট সদরের টুকেরবাজার এলাকার বাসিন্দা। এ দিকে নতুন ভর্তি হওয়া ১৩৪ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫১ জন, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫১ জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে আটজন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে আটজন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১২ জন রয়েছেন।
এ দিকে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরো একজনের মৃত্যু হওয়ায় সিলেট বিভাগে হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৫ জনে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে ১৪৫ জন এবং নিশ্চিত হাম রোগে ১০ জনের মৃত্যু হয়েছে।



