এভারটনকে হারিয়ে চারে উঠল ম্যানচেস্টার

Printed Edition

ক্রীড়া ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে গত পরশু এভারটনের বিপক্ষে ১-০তে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দলের হয়ে একমাত্র গোলটি করেন সেøাভেনিয়ান স্ট্রাইকার বেঞ্জামিন সেসকো। এই জয়ে লিগ টেবিলের চারে উঠে এসেছে ওল্ডট্র্যাফোর্ডের দলটি। আর অন্তর্বর্তীকালীন কোচ মাইকেল ক্যারিকের অধীনে টানা ছয় লিগ ম্যাচের মধ্যে পঞ্চম জয় এটি। দলের দুর্দান্ত ফর্মও অব্যাহত থাকল এই জয়ে।

ক্যারিক ম্যানইউর কোচের দায়িত্ব নেয়ার পর ছয় ম্যাচের মধ্যে একবারও শুরুর একাদশে সুযোগ পাননি সেসকো। তবে বদলি নেমে এ নিয়ে তৃতীয়বারের মতো দলকে উদ্ধার করলেন তিনি। এর আগে দুই ম্যাচে শেষ মুহূর্তে গোল করে দলকে জয় ও ড্র এনে দিয়েছিলেন এই সেøাভেনিয়ান ফরোয়ার্ড। এভারটনের মাঠে গত পরশু ম্যাচের ৫৮ মিনিটে আমাদ দিয়ালোর বদলি হিসেবে মাঠে নামেন সিসকো। ১৩ মিনিট পরই দ্রুত কাউন্টার অ্যাটাক থেকে সুযোগ পেয়ে ঠাণ্ডা মাথায় জয়সূচক গোলটি করেন তিনি।

এই জয়ে ২৭ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২৭ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে নবম স্থানে এভারটন।

এ দিকে স্প্যানিশ লা লিগায় এদিন আলাভেজের মাঠে ২-২ গোলের ড্র নিয়ে ফিরেছে জিরোনা। ইতালিয়ান সিরি ‘আ’তে এ দিন নিজেদের মাঠে উদিনিচকে ১-০তে হারিয়েছে বুলোগনা।