ময়মনসিংহ অফিস
দুই দিন নিখোঁজ থাকার পর নগরীর ব্রহ্মপুত্র নদ থেকে কলেজছাত্র নুরুল্লাহ শাওনের (২৬) ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাত পৌনে ১১টার দিকে জয়নুল আবেদিন উদ্যান সংলগ্ন নদীতীরে লাশটি ভেসে ওঠে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
শাওন আনন্দ মোহন কলেজের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায়।
পুলিশ ও সহপাঠী সূত্রে জানা যায়, বুধবার বিকেলে এক বন্ধুর সাথে নদীর ওপারে গেলে কয়েকজন কিশোর তাদের ঘিরে ধরে মারধর করে। একপর্যায়ে তারা নদীতে ঝাঁপ দেন। তার বন্ধু সাঁতরে উঠতে পারলেও শাওন নিখোঁজ হন। পরদিন নদীর তীরে তার ব্যাগ ও জুতা পাওয়া যায়।
এ ঘটনায় শাওনের মা বাদি হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে ১৫ বছর বয়সী এক কিশোরকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।



