মোহাম্মদপুরে বিএনপি নেতাকে নিজ বাসার সামনে ছুরিকাঘাত

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোহাম্মদপুর ৩৩ নম্বর ওয়ার্ডের বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর ইসলাম (৫৫) গুরুতর আহত হয়েছেন। গত শুক্রবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহতাবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়।

তাকে হাসপাতালে নিয়ে আসা ভাতিজা ইয়াসিন জানান, আমার চাচা মোহাম্মদ নূর ইসলামকে মোহাম্মদপুর সাতমসজিদ হাউজিং ৪ নম্বর রোডের নিজ বাসার নিচে অজ্ঞাতনামা মোটরসাইকেলে এসে বেলা আড়াইটার দিকে এসে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। তার মুখের বাম পাশে, কাঁধে ও বাম হাতে আঘাত লেগেছে। গুরুতর আহতাবস্থায় আমরা চাচাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে এসেছি।