রংপুর ব্যুরো
রংপুরের চাঞ্চল্যকর চার খুনের ঘটনায় ১৩ দিন পর ঘটনাস্থল থেকে জব্দ করা আলামত ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তবে নিহতদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হলেও গ্রেফতারকৃত প্রধান দুই আসামির নমুনা এখনো নেয়া হয়নি।
বৃহস্পতিবার রংপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা) সনাতন চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সংগৃহীত ৩৫টিরও বেশি আলামত আদালতের নির্দেশ মেনে ঢাকা সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। আলামত পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে কারাগারে থাকা আসামি সিদ্ধার্থ ও মুগ্ধ দাসের ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে।
সিআইডি সূত্রে জানা যায়, ঘটনাস্থল থেকে রক্তমাখা বাটন ও ফল কাটার চাকু, ইয়াবা সেবনের ফয়েল, সিগারেটের শেষাংশ ও খাবারের অবশিষ্টাংশসহ ৩৫টি উপাদান উদ্ধার করা হয়। তবে অপরাধ বিশেষজ্ঞদের মতে, মামলার বৈজ্ঞানিক প্রমাণের স্বার্থে আসামিদের ডিএনএ নমুনা দ্রুত সংগ্রহ করা জরুরি।



