নয়া দিগন্ত ডেস্ক
দেশের চার জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত ও মোট ৩৯ জন আহত হয়েছেন। এর মধ্যে ময়মনসিংহে দুই বাসের মুখোমখি সংঘর্ষে তিনজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। এ ছাড়া পঞ্চগড়ের বোদায় ট্রাকের সাথে সংঘর্ষে অটোরিকশাচালক নিহত ও তিনযাত্রী আহত, ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে।
ময়মনসিংহে নিহত ৩
ময়মনসিংহ অফিস জানায়, ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় সদর উপজেলার আলালপুর এলাকায় ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হালুয়াঘাট থেকে ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি বাসের সাথে ঢাকা থেকে হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আঃ রাজ্জাক নামে এক যাত্রী নিহত হন। দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হন।
পঞ্চগড়ে নিহত ১
পঞ্চগড় প্রতিনিধি জানান, পঞ্চগড়ের বোদায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালক শহিদুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরো তিনজন আহত হয়েছেন। বেলা আড়াইটার দিকে উপজেলার ভাসাইনগর-নাজিরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঝিনাইদহে শিক্ষিকার মৃত্যু
শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা জানান, ঝিনাইদহের শৈলকুপার নাদ পাড়া যুব মিলন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রাবেয়া খাতুন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তিনি নাদপাড়া গ্রামের ও কাতলা গাড়ি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো: কবির উদ্দিন বিশ্বাসের স্ত্রী। গতকাল কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। প্রত্যক্ষদর্শী ওয়াজেদ আলী মেম্বার জানান, মঙ্গলবার সন্ধ্যায় কুষ্টিয়া থেকে আসার পথে বাঁশগ্রাম নামক স্থানে চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে বুধবার দুপুরে মারা যান।
ফরিদপুরে বাস পুকুরে
নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা জানান, ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ থেকে ১৬ জন আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
গতকাল সকাল ৬টার দিকে নগরকান্দা উপজেলার ডাংগী ইউনিয়নের ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ফরিদপুরে থেকে ভাঙ্গার দিকে যাচ্ছিল জে আর পরিবহনের একটি বাস। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি পাশের একটি পুকুরে পড়ে যায়।



