ফটিকছড়িতে কবরস্থানের মাটি কেটে নেয়ার অভিযোগ

Printed Edition

ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের চানপুর মৌজায় অবস্থিত শতবর্ষী একটি কবরস্থান থেকে মাটি কাটার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি খাস খতিয়ানভুক্ত ‘কবরস্থান’ শ্রেণীর জায়গাটি দীর্ঘ দিন ধরে এলাকার মানুষের পারিবারিক ও সামাজিক কবরস্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। অভিযোগ রয়েছে, স্থানীয় বাসিন্দা মতিউর রহমান লিয়াকত কয়েকদিন ধরে রাতের বেলায় ভেকু (এস্কাভেটর) দিয়ে কবরস্থানের মাটি কেটে সরিয়ে নিচ্ছেন। এ ঘটনায় এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, কবরস্থানের মাটি কাটার ফলে স্থানটির পবিত্রতা নষ্ট হচ্ছে এবং বহু পুরনো কবরের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে।

স্থানীয় বাসিন্দা নুরুল আলম আজাদ বলেন, এটি তাদের পূর্বপুরুষদের স্মৃতিবিজড়িত একটি পবিত্র স্থান। কবরস্থানের মাটি কাটার ঘটনায় এলাকাবাসী মর্মাহত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবি করছেন। তবে অভিযোগ অস্বীকার করে মতিউর রহমান লিয়াকত বলেন, তিনি কয়েকদিন ধরে চট্টগ্রাম শহরে অবস্থান করছেন এবং মাটি কাটার বিষয়ে অবগত নন। তার দাবি, স্থানীয় এক ব্যক্তি তার অজান্তে সেখানে মাটি কাটার চেষ্টা করেছেন। জায়গাটি কবরস্থানের খতিয়ানভুক্ত হলে তিনি তা ছেড়ে দেবেন বলেও জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মুহাম্মদ ইব্রাহিম বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।