খুলনায় আধুনিক ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার জন্য চীনাদের প্রতি আহ্বান কেসিসি প্রশাসক মঞ্জুর

Printed Edition

খুলনা ব্যুরো

খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু খুলনায় ক্যান্সার চিকিৎসার জন্য আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ একটি হাসপাতাল প্রতিষ্ঠার জন্য চীন থেকে আগত কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। প্রশাসক চীনের হাসপাতাল থেকে অনলাইনে চিকিৎসা পরামর্শ প্রদানের ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভাষা সমস্যা দূরীকরণ এবং ভিসা সহজীকরণের ওপরও গুরুত্বারোপ করেন।

কেসিসি প্রশাসক মঞ্জু রোববার নগর ভবনের জিআইজেড মিলনায়তনে ক্যান্সার সচেতনতাবিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান। জনসাধারণের মধ্যে ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা সম্পর্কে সঠিক তথ্য পৌঁছে দেয়া এবং আন্তর্জাতিক চিকিৎসা সহযোগিতার সম্ভাবনা তুলে ধরার লক্ষ্যে এসইওকে হেলথকেয়ার এ সেমিনারের আয়োজন করে।

কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন চীনের মাল্টিস্পেশালিটি হাসপাতাল ফোসান ফোচুন চ্যানছেং হাসপাতালের ডেপুটি ডাইরেক্টর ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর হান লিয়াংফু এবং ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার লিলি উই। অনুষ্ঠানটি পরিচালনা করেন এসইওকে হেলথকেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এম মাসুমুজ্জামান। কেসিসির সচিব মো: রেজা রশীদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান পরিকল্পনা কর্মতকর্তা আবির উল জব্বার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: শরীফ শাম্মিউল ইসলাম, বাজেট কাম একাউন্টস অফিসার মো: মনিরুজ্জামান, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল ইমরানসহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও কেসিসির শাখা প্রধানগণ সেমিনারে অংশগ্রহণ করেন।