ইসিতে বিএনপির অভিযোগ

জামায়াত, এনসিপিসহ চার দলকে ইসির সতর্কবার্তা

Printed Edition

বিশেষ সংবাদদাতা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার নির্ধারিত সময়ের আগেই মাঠে প্রচারণা করায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) চারটি রাজনৈতিক দলকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে গতকাল সংশ্লিষ্ট দলগুলোর প্রধানদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেয়া হয়। সতর্কবার্তা পাওয়া দলগুলো হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ খেলাফত মজলিস।

ইসি সূত্র জানায়, বিএনপির পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর একটি লিখিত অভিযোগে বলা হয়, ২১ জানুয়ারির আগে সব ধরনের নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ থাকা সত্ত্বেও এই চারটি দল আইন অমান্য করে প্রচারণা অব্যাহত রেখেছে, যা ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর ১৮ বিধির সুস্পষ্ট লঙ্ঘন। বিএনপির ওই অভিযোগ পর্যালোচনা করে সত্যতা পাওয়ায় দলগুলোর প্রধানদের সতর্ক করার সিদ্ধান্ত নেয় কমিশন।

চিঠিতে উল্লেখ করা হয়, ২১ জানুয়ারির আগে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট দলগুলো প্রচারণা চালিয়েছে, যা বিধিবহির্ভূত। নির্ধারিত সময়ের আগে সব ধরনের প্রচারণা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট রাজনৈতিক দলের প্রধান ও দায়িত্বরত ব্যক্তিদেরকে নির্দেশ প্রদান করা হলো।

আচরণবিধি অনুযায়ী, ভোটগ্রহণের নির্দিষ্ট সময় পূর্ব পর্যন্ত প্রচারণার সুযোগ থাকলেও তার আগে গণসংযোগ বা প্রচারণায় আইনি বিধিনিষেধ রয়েছে। নির্বাচন কমিশন স্পষ্ট করেছে যে, ভবিষ্যতে এ ধরনের আচরণবিধি লঙ্ঘন হলে সংশ্লিষ্ট দল বা প্রার্থীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।