৯৬ বছরের অপেক্ষা ঘোচানোর সুযোগ

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপে খেলোয়াড়দের মতো কোচদেরও লড়াই চলে ইতিহাসের সাথে। আর সেই ইতিহাস বলছে, নিজের দেশের বাইরে অন্য কোনো জাতীয় দলের দায়িত্ব নিয়ে আজ পর্যন্ত বিশ্বকাপ জেতাতে পারেননি কোনো কোচ। ৯৬ বছরের এই অপেক্ষা এবার ঘোচানোর সুযোগ আছে মাত্র দু’জনের সামনে। তারা হলেন ইংল্যান্ডের জার্মান কোচ টমাস টুখেল এবং বেলজিয়ামের ফরাসি কোচ রুডি গার্সিয়া।

এবারের বিশ্বকাপের ৪৮ দলের ২৭টি দলই ভরসা রেখেছিল বিদেশী কোচের ওপর। কিন্তু নকআউট পর্ব গড়াতেই একে একে বিদায় নিয়েছেন প্রায় সবাই। কোয়ার্টার ফাইনালে টিকে রয়েছেন শুধু টুখেল ও গার্সিয়া। ফলে ইতিহাস বদলানোর সম্ভাবনাও এখন সীমাবদ্ধ এই দুই কোচের মধ্যে।

বিশ্বকাপের ফাইনালে সর্বশেষ বিদেশী কোচ দেখা গিয়েছিল ১৯৭৮ সালে। ওই বছর অস্ট্রিয়ান এর্নস্ট হ্যাপেলের অধীনে নেদারল্যান্ডস ফাইনালে উঠলেও আর্জেন্টিানার কাছে হেরে শিরোপা জিততে পারেনি। ইংল্যান্ড ১৯৬৬ সালের পর প্রথম বিশ্বকাপ জয়ের অপেক্ষায়। সেই অপেক্ষার অবসান ঘটাতেই টমাস টুখেলকে দায়িত্ব দিয়েছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন। গ্যারেথ সাউথগেটের অধীনে দলটি ইউরোর দু’টি ফাইনাল ও একটি বিশ্বকাপ সেমিফাইনাল খেললেও শেষ ধাপ পেরোতে পারেনি। সেই অপূর্ণতা পূরণের লক্ষ্য নিয়েই টুখেলের আগমন।

তবে সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ নরওয়ে, যারা শেষ ষোলোয় আর্লিং হলান্ডের নেতৃত্বে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করেছে। অন্য দিকে বেলজিয়ামের দায়িত্ব নিয়ে রুডি গার্সিয়া শুরু করেছেন দারুণভাবে। শেষ ষোলোয় সহ-আয়োজক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে আত্মবিশ্বাসী বেলজিয়ামের সামনে এবার স্পেনের চ্যালেঞ্জ। এই ম্যাচই বলে দেবে গার্সিয়ার দল ইতিহাস গড়ার পথে কতটা এগোতে পারে।