চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় শুরু হয়েছে ‘নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের তিন দিনব্যাপী ২৫তম আন্তর্জাতিক সম্মেলন। গতকাল এর উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ নৌবাহিনীর সহকারী প্রধান (অপারেশন্স) ও ন্যাশনাল হাইড্রোগ্রাফিক কমিটি এবং নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা। সম্মেলনে আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার পরিচালক, সদস্য দেশগুলোর প্রতিনিধি, কূটনৈতিক এবং সামরিক-বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নিচ্ছেন।
উদ্বোধনী বক্তব্যে নৌবাহিনী প্রধান জাতীয় পর্যায়ে একটি স্বতন্ত্র ‘ন্যাশনাল হাইড্রোগ্রাফার’ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, এ ধরনের কর্তৃপক্ষ দেশের সামগ্রিক হাইড্রোগ্রাফিক কার্যক্রমের সমন্বয়, জবাবদিহি নিশ্চিত এবং সাগরপথে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে। সেই সাথে সাগরে নিরাপত্তা জোরদার, সুনীল অর্থনীতি সম্প্রসারণ এবং উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো তাদের হাইড্রোগ্রাফিক কার্যক্রমের অগ্রগতি, সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে।
২০০২ সালে প্রতিষ্ঠিত নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশন আন্দামান সাগর থেকে এডেন উপসাগর পর্যন্ত বিস্তৃত অঞ্চলে কার্যক্রম পরিচালিত হয়। এবারের সম্মেলনে বাংলাদেশ, মিশর, ভারত, ইন্দোনেশিয়া, মিয়ানমার, পাকিস্তান, সৌদি আরব, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডসহ বিভিন্ন সদস্য রাষ্ট্র অংশ নিয়েছে। এ ছাড়া সহযোগী রাষ্ট্র হিসেবে অস্ট্রেলিয়া, ফ্রান্স, ওমান, মরিশাস, সেশেলস, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও যোগ দিয়েছেন। পর্যবেক্ষক দেশ হিসেবে রাশিয়া, মালয়েশিয়া ও সুদানের প্রতিনিধি ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও হাইড্রোগ্রাফিক সংশ্লিষ্ট বাণিজ্যিক প্রতিষ্ঠানের উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
উল্লেখ্য, বাংলাদেশ ২০২৫-২০২৭ মেয়াদের জন্য নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের সভাপতির দায়িত্ব পালন করছে। -আইএসপিআর।



