বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা
বাংলাদেশ এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) সংসদীয় আসনের ঈগল প্রতীকের প্রার্থী ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া বলেছেন, শিক্ষিত বেকার যুবকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। পাশাপাশি নারীদের আত্মকর্মসংস্থান ও ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নেয়া হবে।
মঙ্গলবার দুপুরে বুড়িচং প্রেস ক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে তরুণ প্রজন্মই সবচেয়ে বড় শক্তি বলে এমন মন্তব্য করে বলেন, নতুন প্রজন্মকে সাথে নিয়েই তিনি একটি উন্নত ও সমৃদ্ধ বুড়িচং-ব্রাহ্মণপাড়া গড়ে তুলতে চান।
ব্যারিস্টার যোবায়ের আরো বলেন, তরুণদের কোনোভাবেই দাবিয়ে রাখা যাবে না। নির্বাচিত হলে তরুণদের জন্য টেকসই কর্মসংস্থান সৃষ্টি করাই হবে তার প্রধান অগ্রাধিকার। শিল্পায়ন, কারিগরি প্রশিক্ষণ, উদ্যোক্তা সৃষ্টি ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলে এলাকার অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে চায়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, সাংবাদিকরা জাতির দর্পণ। তাদের মাধ্যমেই জনগণ সঠিক তথ্য জানতে পারে। মতবিনিময় সভায় এবি পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



