বগুড়া অফিস
বগুড়ায় এক যুবককে রাতভর নির্যাতনের পর পায়ের রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় এক ইউপি সদস্যসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। গতকাল সকাল ৬টার দিকে বগুড়া সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের বারপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শামিম হোসেন (৩৫) উপজেলার নামুজা ইউনিয়নের চৌমুহনী এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। এ ঘটনায় স্বজনরা ইউনিয়ন পরিষদের সামনে জড়িতদের গ্রেফতারে রাস্তায় গাছের গুড়ি ফেলে বিক্ষোভ করেছেন।
নিহতের শাশুড়ি ছোবেদা বেগম অভিযোগ করেন, তার মেয়ের জামাই একটি দাফন অনুষ্ঠানে অংশ নিতে বারপুর এলাকায় গিয়েছিলেন। সেখানে নিশিন্দারা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য এবিএম শাফিসহ কয়েকজন তাকে আটক করে রাতভর বেধড়ক মারধর ও নির্যাতন করে। একপর্যায়ে শামিমের পায়ের রগ কেটে গুরুতর আহত অবস্থায় পরিত্যক্ত স্থানে ফেলে রাখে। পরে গ্রাম পুলিশ তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন তার অবস্থায় মৃত্যু হয়।
ইউপি সদস্য এবিএম শাফি বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে শনিবার থেকে বাসায় আছি। সোমবার রাত ৩টার দিকে দু’জন ফোনে জানায় চোর ধরা হয়েছে। আমি মারপিট না করে পরিষদে রাখতে বলি। আমার বিরুদ্ধে মিথ্যাচার চলছে।



